দীর্ঘ বিরতির পর সংগীতে ফিরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী ও নির্মাতা কুসুম শিকদার। ২০১৭ সালে আলোচিত গান ‘নেশা’ প্রকাশের পর শুক্রবার তিনি নিয়ে এলেন নতুন মৌলিক গান ‘প্রবল ঘোর’। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন মাহমুদ সানি। এই গানটিতে কুসুম শিকদার তার চেনা ধারার বাইরে নতুন এক রূপে ধরা দিয়েছেন। গানের পেছনের গল্প নিয়ে কুসুম শিকদার জানান, এটি তার অত্যন্ত প্রিয় একটি সৃষ্টি।
গানটির নেপথ্যের গল্প নিয়ে শিল্পী জানান, ২০২০ সালে করোনা মহামারির শুরুতে তিনি এর কথা লিখেছিলেন এবং তখনই অডিও রেকর্ড সম্পন্ন করেন। তবে নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘শরতের জবা’ (২০২৪) নিয়ে ব্যস্ততার কারণে ভিডিও নির্মাণ ও প্রকাশে কিছুটা সময় লেগেছে। অবশেষে শ্রোতাদের প্রত্যাশা ও আগ্রহকে প্রাধান্য দিয়ে গানটি মুক্তি দিয়েছেন তিনি।
কক্সবাজারের মনোরম লোকেশনে চিত্রায়িত এই গানের মিউজিক ভিডিওতে কুসুমের সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন শের শাহ রাসেল। প্রহর ডাঙ্গা পিকচার্সের ব্যানারে নির্মিত ও নকুল সরকারের পরিচালনায় ভিডিওটি ইউটিউব ও ফেসবুক পেজে অবমুক্ত করা হয়েছে। এর আগে নকুল সরকারের নির্দেশনায় কুসুমের গাওয়া রবীন্দ্রসংগীত ‘তুমি কোন কাননের ফুল’ সমাদৃত হয়েছিল। সংগীতের পাশাপাশি সামনে আরও নতুন কাজের ইঙ্গিত দিয়েছেন এই শিল্পী।
রিপোর্টার নাম: 

























