বরিশাল নগরীর চৌমাথা সংলগ্ন সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে সিটি করপোরেশন (বিসিসি)। রোববার বেলা পৌনে ১২টার দিকে চৌমাথা বাজারের সামনা থেকে এ কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বাজারের চারপাশ, ব্রজমোহন (বিএম) কলেজ এলাকা এবং চৌমাথা লেকের পাড়ে সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ ক্ষুদ্র দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানটিতে নেতৃত্ব দেন বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান। এ সময় বিসিসির উচ্ছেদ শাখার প্রধান লতিকুল্লাহ, ট্রেড লাইসেন্স বিভাগের আজিজ শাহীন এবং হাটবাজার শাখার প্রধান রেজাউল উপস্থিত ছিলেন।
গুরুত্বপূর্ণ এই চৌমাথা এলাকায় অতীতেও বারবার অভিযান চালানো হলেও স্থায়ী সমাধান না হওয়ার কথা জানান স্থানীয়রা। তাদের অভিযোগ, উচ্ছেদ অভিযানের কয়েক দিনের মধ্যেই প্রভাবশালী গোষ্ঠীর মদদে ক্ষুদ্র ব্যবসায়ীরা আবারও ফুটপাত দখল করে ব্যবসা শুরু করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান সাংবাদিকদের জানান, নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য। শহরের বিভিন্ন অংশে নিয়মিতভাবে উচ্ছেদ চালানো হচ্ছে এবং স্বাচ্ছন্দ্যময় পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এই পদক্ষেপ অব্যাহত থাকবে।
রিপোর্টার নাম: 

























