গত শুক্রবার রাজধানীর রিজেন্সি হোটেলে আয়োজিত হয় দিনব্যাপী ‘এআই অটোমেশন সামিট ২০২৬’। মাইএআই এবং আইডিয়ান সেন্টার ফর বিজনেস এক্সিলেন্স (আইসিবিই)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে প্রায় ২৫০ জন উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিভিন্ন খাতের পেশাজীবী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল আধুনিক ব্যবসায়িক প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহারিক প্রয়োগ এবং এআই এজেন্ট ও অটোমেশনের মাধ্যমে ব্যবসাকে পুরোপুরি এআই-চালিত মডেলে রূপান্তরের কৌশল তুলে ধরা। পাশাপাশি কীভাবে এআই টুল ব্যবহারের প্রাথমিক পর্যায় থেকে ধীরে ধীরে এআই এজেন্ট, অটোমেশন এবং শেষ পর্যন্ত কীভাবে একটি এআই–চালিত ব্যবসার দিকে নিয়ে যাওয়া যায়।
সম্মেলনের প্রশিক্ষণ পর্ব পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সহযোগী অধ্যাপক ও মাইএআইয়ের সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফ নোমান খান এবং আইডিয়ান কনসাল্টিংয়ের প্রতিষ্ঠাতা ও মাইএআইয়ের সহপ্রতিষ্ঠাতা মার্ক অনুপম মল্লিক। এছাড়া প্রশিক্ষক হিসেবে ছিলেন মাইএআইয়ের পরিচালক ও আইডিয়ান কনসাল্টিংয়ের সিওও আদনান রাফিদ, কুইক গ্রোথের প্রতিষ্ঠাতা ও আইসিবিইর সহপ্রতিষ্ঠাতা মেহেদী হাসান এবং হাতবাক্সের প্রতিষ্ঠাতা ও আইসিবিইর সহপ্রতিষ্ঠাতা শাফাত কাদির। মাইএআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মশালায় বিভিন্ন ব্যবসায়িক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে কনটেন্ট পরিকল্পনা ও বিপণন, বিক্রয় ও গ্রাহক ব্যবস্থাপনা, বিজনেস রিসার্চ, পণ্য উন্নয়ন, টিম প্রোডাক্টিভিটি, এআই এজেন্ট গঠন এবং ওয়ার্কফ্লো অটোমেশনের বাস্তব উদাহরণ প্রদর্শন করা হয়। এসব প্রযুক্তির সঠিক প্রয়োগ কীভাবে ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি করতে পারে, তা হাতে-কলমে দেখান প্রশিক্ষকরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘এআইকন’ শিরোনামের একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে বিভিন্ন শিল্পখাতের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা এআইয়ের সম্ভাবনা ও নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। আলোচকদের মধ্যে ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আবদুল মোমেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসাইন, অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেডের সিইও এবং ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার। এছাড়াও উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের নির্বাহী পরিচালক (স্কিলস) কে এম হাসান, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান এবং ব্রেইন স্টেশন ২৩–এর প্রিন্সিপাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. রাফিউল হাসান। দিনের দ্বিতীয় অংশে সন্ধ্যা ছয়টা থেকে অনুষ্ঠিত হয় বিশেষ আয়োজন।
সামিটের শেষ ভাগে মাইএআই এবং আইসিবিইর ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হিসেবে ‘এআই বিজনেস একসিলারেটর’-এর ঘোষণা দেওয়া হয়। প্রায় সাড়ে চার মাসব্যাপী এই কর্মসূচিটি সাজানো হয়েছে একদম বাস্তবসম্মত এআই অ্যাপ্লিকেশনকে কেন্দ্র করে। এর আওতায় উদ্যোক্তারা বিপণন, বিক্রয়, অপারেশনস, ফিন্যান্স এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এআই-এর কার্যকর ব্যবহার শিখতে পারবেন। অংশগ্রহণকারীরা নিজেদের ব্যবসার জন্য প্রয়োজনীয় অটোমেশন ও এআই সক্রিয় ব্যবস্থা গড়ে তোলার সুযোগ পাবেন। আয়োজকদের মতে, এই সামিট ছিল ভবিষ্যতের ব্যবসায়িক অগ্রযাত্রার একটি মাইলফলক সূচনা।
রিপোর্টার নাম: 
























