কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে চট্টগ্রামের চন্দনাইশে হাতকড়া পরে বাবার জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মোহাম্মদ শাহাদাত নবী। তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। তবে পুলিশ বলছে, তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির ত্রাণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সোমবার ভোর ৪টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত সাড়ে ১১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। এর মধ্যে বাদ জোহর বেলা আড়াইটার দিকে চন্দনাইশ পৌরসভার একটি মসজিদে বাবার জানাজায় অংশ নেন শাহাদাত। পরিবারের সদস্যদের তথ্যমতে, বার্ধক্যজনিত কারণে রোববার ভোর ৫টা ২০ মিনিটে চন্দনাইশের একটি হাসপাতালে মারা যান তার বাবা নুরুনবী সওদাগর (৮৮)।
চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিটন মিয়া জানান, বাবার মৃত্যুর পর শাহাদাত নবী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপারের কাছে প্যারোলের আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট তাকে সাড়ে ১১ ঘণ্টার জন্য মুক্তি দেন। গত বছর ১২ আগস্ট ঢাকার পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ধানমন্ডি থানায় তিনটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শাহাদাতের চাচা নুরুল আলম জানান, পুলিশ পাহারায় কাশিমপুর কারাগার থেকে বেলা দেড়টার দিকে তাকে চন্দনাইশে আনা হয়। বেলা দুইটার দিকে হাতকড়া পরা অবস্থায় জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার দাফন সম্পন্ন হয়। এরপর বেলা ৩টা ২০ মিনিটের দিকে পুলিশি পাহারায় তাকে পুনরায় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
রিপোর্টার নাম: 























