চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে জোরারগঞ্জ থানাধীন মস্তাননগর এলাকার নাহার ফিড মিলের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকার মৃত নুরুল হাসানের ছেলে মো. আমিন (৩৭) এবং মৃত সুলতানের ছেলে দ্বীন মোহাম্মদ (২৭)।
র্যাব-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, নোয়াখালীর সোনাপুর থেকে কক্সবাজারগামী ‘নীলাচল পরিবহন’ বাসে যাত্রীবেশে মাদক পাচার হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে মস্তাননগরে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে অস্থায়ী তল্লাশি চৌকি বসানো হয়। বাসটি চেকপোস্টের সামনে পৌঁছালে ওই দুই যাত্রী ব্যাগসহ তড়িঘড়ি করে নেমে পালানোর চেষ্টা করেন।
এ সময় দায়িত্বরত র্যাব সদস্যরা তাদের হাতেনাতে ধরে ফেলেন।
তাদের কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে স্কচটেপ দিয়ে বিশেষভাবে মোড়ানো ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। জিজ্ঞাসাবাদের পর আটক ব্যক্তিদের এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনি প্রক্রিয়ার জন্য জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
রিপোর্টার নাম: 

























