পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা। পবিত্র কোরআন তিলাওয়াতের মানোন্নয়ন, কুরআনিক জ্ঞানের বিস্তার এবং বিভিন্ন দেশের ক্বারিদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে পাকিস্তান ধর্মবিষয়ক মন্ত্রণালয় এই আয়োজনের উদ্যোগ নিয়েছে।
এবারের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ওআইসিভুক্ত ৫৭টি সদস্যদেশের পাশাপাশি আরও ১১টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই তালিকায় রয়েছে ভারত, চীন, রাশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, ইথিওপিয়া, ফিলিপাইন, জার্মানি, তানজানিয়া, ফ্রান্স, কেনিয়া ও মালদ্বীপ। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৩১টি দেশ থেকে প্রতিযোগীদের মনোনয়ন পাওয়া গেছে এবং অংশগ্রহণকারীদের ভিসা প্রক্রিয়াও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
২০২৫ সালের নভেম্বরে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই প্রতিযোগিতার প্রথম আসরে ওআইসিভুক্ত ৪০টির বেশি দেশের ক্বারিরা অংশ নিয়েছিলেন। এবারের আয়োজনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন মিসর ও ইরানের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদরা। এছাড়া পাকিস্তানের পক্ষ থেকে বিচারকার্যে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি সৈয়দ সাদাকাত আলী। আয়োজক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্রমণ ও প্রশাসনিকসহ সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
মন্ত্রণালয়ের ভাষ্যমতে, কোরআন তিলাওয়াতের পাশাপাশি ইসলামি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা এবং মুসলিম উম্মাহর মধ্যে শান্তি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুসংহত করাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। এই আন্তর্জাতিক আসর বিশ্বব্যাপী ক্বারিদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছে পাকিস্তান কর্তৃপক্ষ।
রিপোর্টার নাম: 

























