কাতারের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘আল-উতরুজা ওয়াকফ’-এর সহায়তায় বর্তমানে দেশের বিভিন্ন কোরআন শিক্ষাকেন্দ্র ও বিদ্যালয়ে ৩৪ হাজারেরও বেশি শিক্ষার্থী দ্বীনি শিক্ষা গ্রহণ করছে। দীর্ঘমেয়াদি ও টেকসই এই প্রকল্পের মাধ্যমে কোরআন শিক্ষার প্রসারে প্রয়োজনীয় অর্থায়ন ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা হচ্ছে। মন্ত্রণালয়ের আওতাধীন মোট ১৭৬টি কেন্দ্রে দেড় হাজারেরও বেশি অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীদের পাঠদান করছেন।
আওকাফ মন্ত্রণালয়ের ধর্মপ্রচারক ড. মাসউদ জারাল্লাহ আবু শুরাইদা প্রকল্পটিকে একটি অনন্য উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, এখানে ওয়াকফকৃত সম্পদের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি অর্জিত আয় পবিত্র কোরআনের বহুমুখী সেবায় ব্যয় করা হয়। এই স্থায়ী অর্থায়ন ব্যবস্থা প্রতিষ্ঠানগুলোর পরিধি ও সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২২ সালে এই ওয়াকফের নিজস্ব অর্থায়নে ১১২টি অ্যাপার্টমেন্ট বিশিষ্ট একটি আধুনিক আবাসন প্রকল্প উদ্বোধন করা হয়, যার মাসিক আয় সরাসরি কোরআন শিক্ষাকেন্দ্রগুলোর কার্যক্রমে ব্যয় করা হচ্ছে।
কোরআন শিক্ষার ক্ষেত্রে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, এই শিক্ষাকেন্দ্রগুলোতে ৯ হাজার ১৩১ জন নারী শিক্ষার্থী অধ্যয়ন করছে। তাদের এই আগ্রহ কেবল দ্বীনি জ্ঞানার্জনেই সহায়ক নয়, বরং একটি আদর্শ পরিবার গঠন এবং ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
আল-উতরুজা ওয়াকফ সাধারণ নাগরিক ও প্রবাসীদের জন্য উন্মুক্ত। সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষের জন্য আল-উতরুজা ওয়াকফে অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে।
যে কেউ ১ হাজার কাতারি রিয়াল বা সামর্থ্য অনুযায়ী যেকোনো পরিমাণ অর্থ অনুদান দিয়ে এই কল্যাণমূলক কাজের অংশীদার হতে পারেন। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির মাধ্যমেও অনেকে অবদান রাখছেন। প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল করতে আওকাফ অধিদপ্তর তাদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে ডিজিটাল সেবা চালু করেছে। এর মাধ্যমে ভাড়ার জন্য খালি থাকা সম্পত্তির ইউনিটগুলো সহজেই দেখা এবং আবেদনের সুযোগ রয়েছে। সবশেষে ড. আবু শুরাইদা এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট দাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি, এই ওয়াকফ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেও যেকেউ এতে অবদান রাখতে পারেন।
রিপোর্টার নাম: 
























