তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য নির্ধারিত তৃতীয় সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে বোর্ড সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনায় অনিবার্য কারণ দেখিয়ে বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠিত হতে যাওয়া এ সভা স্থগিত করা হয়। সভার নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নির্ধারিত আজকের সভায় মালিকপক্ষের পক্ষ থেকে নতুন মজুরি কাঠামোর প্রস্তাব উপস্থাপনের কথা ছিল। এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির দাবি জানান। সেদিন মালিকপক্ষ কোনো প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ বিজিএমইএ কর্তৃপক্ষের প্রস্তাব উপস্থাপনের কথা ছিল।
পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষ সামাল দিতে গত ১ নভেম্বর সরকার ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। এরপর পরিস্থিতির উন্নতি হলে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা আসে। এর ধারাবাহিকতায় শ্রমিকরা কাজে ফেরা শুরু করেন। প্রসঙ্গত, গত ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল। ওই বছরের ডিসেম্বরে কার্যকর হওয়া কাঠামোয় শ্রমিকদের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল, যা ছিল বিগত সময়ের চেয়ে ৫৬ দশমিক ২৫ শতাংশ বেশি।
উল্লেখ্য যে, বর্তমান আইন সংশোধনের মাধ্যমে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। ২০২৩ সালে ঘোষিত মজুরির মেয়াদ চলতি নভেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। এদিকে মজুরি বোর্ড পুনর্গঠনের পরও ঢাকা, মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জের মতো শিল্প এলাকাগুলোতে বিভিন্ন সময়ে শ্রমিক বিক্ষোভ ও সংঘাতের মতো ঘটনা ঘটেছে।
রিপোর্টার নাম: 























