রাজনৈতিক বিবেচনায় দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
সংসদ সদস্য কেরামত আলী তার প্রশ্নে অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে দায়ের করা অসংখ্য মিথ্যা ও রাজনৈতিক মামলার কারণে এখনো হাজার হাজার মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এসব মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণ এবং সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ আছে কি না—তা জানতে চান তিনি।
জবাবে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরপরই শুরু হয়েছিল। প্রক্রিয়াটিকে আরও কার্যকর ও গতিশীল করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে ২০২৬ সালের ৫ মার্চ প্রতিটি জেলায় জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়।
তিনি জানান, জেলা কমিটিগুলো মামলা প্রত্যাহারের আবেদন, মামলার এজাহার, অভিযোগপত্রের সত্যায়িত অনুলিপি এবং সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউটরের মতামত নিবিড়ভাবে পর্যালোচনা করে। মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না, জনস্বার্থে সেটি চালানো প্রয়োজন কি না অথবা রাষ্ট্রপক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে কি না—তা যাচাই করেই জেলা কমিটিগুলো সুপারিশ প্রদান করে।
সমন্বিত এ কার্যক্রম পরিচালনার জন্য ২০২৬ সালের ৮ মার্চ ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক আইনমন্ত্রী নিজে। তিনি জানান, কেন্দ্রীয় কমিটি জেলা পর্যায়ের সুপারিশগুলো পুনরায় যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। আবেদন পাওয়ার পর পর্যালোচনা সাপেক্ষে কোনো মামলা হয়রানিমূলক প্রমাণিত হলে সরকার তা প্রত্যাহারের প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছে।
রিপোর্টার নাম: 


























