আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার কোনো আইনগত ভিত্তি নেই। দণ্ডিত ও দেশের বাইরে পলাতক থাকায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১০ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি স্পষ্ট করেন যে, যেহেতু শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগের বিপরীতে বিচারপ্রক্রিয়ায় অংশ নেননি এবং রায়ের পর নির্দিষ্ট ৩০ দিনের মধ্যে আপিল করেননি, তাই বর্তমানে আইনিভাবে তার আর কোনো সুযোগ অবশিষ্ট নেই। আইন অনুযায়ী, ন্যূনতম দুই বছরের সাজাপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার কোনো অবকাশ নেই। রায় প্রকাশিত হওয়ার পরও তিনি আপিল করেননি।
চিফ প্রসিকিউটর আরও বলেন, লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ সম্প্রতি ভারতস্থ বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার পাসপোর্টের জন্য আবেদন করেছে। এটি একটি হাস্যকর প্রচেষ্টা হিসেবে অভিহিত করে তিনি বলেন, যিনি পাসপোর্ট পেতে ইচ্ছুক, তিনি নিজে কিংবা তার দলের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। এ ধরনের আইনি পদক্ষেপ বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল। পররাষ্ট্রমন্ত্রী যথার্থই এটাকে হাস্যকর বলেছেন।
তিনি জানান, ভারত সরকার মানবিক কারণে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে জানা গেলেও, এর কোনো আনুষ্ঠানিক দলিলপত্র ট্রাইব্যুনালের হাতে নেই। শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে ইচ্ছুক হন, তবে তাকে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করতে হবে। প্রত্যর্পণ চুক্তির আওতায় তিনি চাইলে নিজেই আইনি পথ বেছে নিতে পারেন, কিন্তু এ পর্যন্ত তিনি এমন কোনো উদ্যোগ নিয়েছেন বলে তথ্য নেই। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে সেজন্য তাকেই ভারত সরকারকে লিখিতভাবে জানাতে হবে। নিরীহ নেতাকর্মীদের বাংলাদেশে রেখে গেছেন।
আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার কখনোই দেশে ফেরার প্রকৃত সদিচ্ছা ছিল না। মামলা চলাকালেও তিনি বিচার এড়িয়ে গেছেন এবং এখন তার আর আপিল করার সুযোগ নেই। তিনি আরও বলেন, শেখ হাসিনা তার আত্মীয়স্বজনসহ নিরাপদে দেশ ছাড়লেও নিজের দলীয় কর্মীদের বিপদে ফেলে গেছেন। এখন পাসপোর্টের নামে অহেতুক অপতৎপরতা চালিয়ে তিনি দলগতভাবে আরও একটি ভুল করছেন। সদিচ্ছা থাকলে তিনি মামলা চলাকালে দেশে এসে তা মোকাবিলা করতেন।
সবশেষে শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যের সত্যতা নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ভার্চুয়াল মাধ্যমে তার যেসব অডিও বক্তব্য প্রচারিত হচ্ছে, সেগুলো আদৌ তার কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তার কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো আইনত গ্রহণযোগ্য প্রক্রিয়ায় সামনে আসেনি।
রিপোর্টার নাম: 























