জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করার ওপরই রাষ্ট্রের প্রকৃত শক্তি নির্ভর করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে বা তাদের কণ্ঠরোধ করে কোনো রাষ্ট্রকে শক্তিশালী অবস্থানে নেওয়া সম্ভব নয়। মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ থাকা তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকৃত উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, উদ্যোক্তাদের সহায়তা করা হলে একদিকে যেমন কর্মসংস্থান ও জীবনের নিশ্চয়তা তৈরি হবে, অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিরও উন্নতি ঘটবে। তিনি আরও বলেন, সরকার এমন একটি দেশ গড়ে তুলতে চায় যেখানে প্রতিটি মানুষ বর্তমানের চেয়ে উন্নত জীবনযাপন করতে পারবে। এটাই সরকারের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগের ওপর বিশেষ গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ অবশ্যই প্রয়োজন এবং সরকার তা উৎসাহিত করে। তবে একই সঙ্গে দেশের নিজস্ব বিনিয়োগকারী ও উদ্যোক্তাদেরও সমানভাবে উৎসাহিত করতে হবে। তাদের ব্যবসা ও বিনিয়োগের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নীতি সহায়তা প্রদান করা হবে বলে তিনি জানান।
সরকারের নীতির মূল উদ্দেশ্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সমান সুযোগ তৈরি করা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় একটি সুন্দর ও শক্তিশালী দেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
রিপোর্টার নাম: 

























