ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুলডোজারকে রাজ্যের নিজস্ব ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। আর এখন বুলডোজারকে রাজ্যের ব্রান্ড করার ঘোষণা দিয়ে সমালোচনাকে আরেক মাত্রা যোগ হল।
বৃহস্পতিবার গৌতম বুদ্ধ নগর জেলায় একটি ট্রাক্টর কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি আন্তর্জাতিক প্রতিষ্ঠান সিএনএইচ ইন্ডাস্ট্রিয়ালকে এই যন্ত্র উৎপাদনের আহ্বান জানান। তিনি বলেন, উত্তর প্রদেশের বুলডোজার ইতোমধ্যে একটি পরিচিত ব্র্যান্ডে পরিণত হয়েছে। তাই স্থানীয়ভাবে উৎপাদন শুরু হলে ভারতসহ আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক চাহিদা তৈরি হবে। যোগী আদিত্যনাথ আরও বলেন, আপনারা এখানে ট্রাক্টর তৈরি করছেন, সেই সাথে বুলডোজারও তৈরি করতে পারেন।
যোগী আদিত্যনাথের শাসনামলে অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতীক হিসেবে বুলডোজার ব্যাপক পরিচিতি পায়। বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তার সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়, যা থেকে তাকে ‘বুলডোজার বাবা’ নামেও অভিহিত করা হয়। তবে তার এই বুলডোজার অভিযানের বিরুদ্ধে দীর্ঘদিনের সমালোচনা রয়েছে। সমালোচকদের অভিযোগ, এসব উচ্ছেদ অভিযানে মুসলিম, ভিন্নমতাবলম্বী ও প্রান্তিক জনগোষ্ঠীকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। সরকারি কর্তৃপক্ষের দাবি, তারা কেবল অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ করছে।
এই বিতর্কের মধ্যেই ২০২৪ সালে ভারতের সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে জানায়, অভিযুক্ত ব্যক্তিদের সম্পত্তি শাস্তি হিসেবে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া সম্পূর্ণ বেআইনি। আদালত স্পষ্টভাবে নির্দেশ দেয় যে, কথিত অবৈধ দখল উচ্ছেদের ক্ষেত্রেও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এই রায়ের দুই বছর পরও যোগী আদিত্যনাথ তার বুলডোজার অভিযানের পক্ষে জোরালো অবস্থান বজায় রেখেছেন। আদালতের নির্দেশনা সত্ত্বেও বুলডোজারকে উত্তর প্রদেশের নতুন ব্র্যান্ড হিসেবে প্রচার করা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
রিপোর্টার নাম: 























