ইতিহাসচর্চাকে কাল্পনিক গল্পগাছা ও অতিরঞ্জন থেকে মুক্ত করে বৈজ্ঞানিক ও বস্তুনিষ্ঠ রূপ দেওয়ার ক্ষেত্রে মধ্যযুগীয় মুসলিম পণ্ডিতদের অবদান অনস্বীকার্য। যদিও প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতায় ইতিহাস লিখনের সূচনা হয়েছিল, তবে ইতিহাসকে একটি পূর্ণাঙ্গ, সুশৃঙ্খল ও প্রমাণভিত্তিক গবেষণামূলক শাস্ত্রে রূপান্তর করেন মুসলিম ঐতিহাসিকেরা। আধুনিক ইতিহাসতত্ত্বের ভিত্তি নির্মাণে তাঁদের উদ্ভাবিত গবেষণা পদ্ধতি ও তথ্য বিশ্লেষণ বিশ্বজুড়ে গভীর মূল্যায়ন লাভ করেছে।
ইতিহাস লিখনপদ্ধতিতে মুসলিম গবেষকরা দুটি যুগান্তকারী বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেন। এর প্রথমটি হলো ‘ইসনাদ’ বা ধারাবাহিক তথ্যসূত্র যাচাই পদ্ধতি। মূলত বিশ্বস্ততার সঙ্গে হাদিস সংরক্ষণের তাগিদ থেকে ‘ইলমুর রিজাল’ বা বর্ণনাকারীদের জীবনবৃত্তান্ত পর্যালোচনার বিজ্ঞান উদ্ভূত হয়। ইতিহাসের কোনো তথ্য কে বর্ণনা করছেন, তাঁর নৈতিক সততা ও স্মরণশক্তি কেমন—তা সূক্ষ্মভাবে মূল্যায়নের মাধ্যমে ইতিহাস বিচারে সততা ও বিশুদ্ধতার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদক্ষেপটি ছিল কালানুক্রমিক ধারাবাহিকতা বজায় রাখা। হিজরি সনের গণনার ওপর ভিত্তি করে বছরওয়ারি ঘটনার নির্ভুল লিপিবদ্ধকরণ মুসলিম ঐতিহাসিকেরাই প্রাতিষ্ঠানিক রূপ দেন। বিখ্যাত পণ্ডিত ইমাম আল-তাবারির রচিত ‘তারিখুর রসুল ওয়াল মুলুক’ গ্রন্থে এই পদ্ধতির সফল প্রয়োগ লক্ষ্য করা যায়।
প্রাচীন আমলে ইতিহাস সাধারণত নির্দিষ্ট কোনো জাতি বা অঞ্চলের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকত। কিন্তু মুসলিম পণ্ডিতরাই সর্বপ্রথম ‘বিশ্ব ইতিহাস’ বা সার্বজনীন ইতিহাস রচনার ধারণা নিয়ে আসেন। আল-তাবারি (৮৩৯-৯২৩ খ্রি.) তাঁর সুবিখ্যাত ঐতিহাসিক গ্রন্থে সৃষ্টির শুরু থেকে তৎকালীন সময় পর্যন্ত ধারাবাহিক বিশ্ব ইতিহাস সংকলন করেছিলেন। বিখ্যাত ইতিহাসবিদ ফিলিপ কে হিট্টি তাঁর ‘দ্য হিস্ট্রি অব দ্য অ্যারাবস’ গ্রন্থে আল-তাবারির এই কাজকে সে যুগের বিশ্বসেরা ঐতিহাসিক দলিল হিসেবে আখ্যায়িত করেছেন।
ইতিহাসকে নিছক বর্ণনামূলক উপাদান থেকে বের করে কার্যকারণ সম্পর্কযুক্ত এক গভীর বিশ্লেষণী বিজ্ঞানে রূপান্তরিত করেন আল্লামা ইবনে খালদুন (১৩৩২-১৪০৬ খ্রি.)। তিনি তাঁর বিশ্বখ্যাত আকর গ্রন্থ ‘আল-মুকাদ্দিমা’-য় ইতিহাস দর্শনের মজবুত ভিত্তি স্থাপন করেন। তিনি দেখিয়েছেন কীভাবে সামাজিক গতিশীলতা, ভৌগোলিক অবস্থান ও আবহাওয়া মানুষের ব্যক্তিত্ব ও সভ্যতার উত্থান-পতন নিয়ন্ত্রণ করে। ইবনে খালদুনের এই অভূতপূর্ব চিন্তাধারা সম্পর্কে প্রখ্যাত ব্রিটিশ ঐতিহাসিক আর্নল্ড জে টয়েনবি মন্তব্য করেছিলেন যে, ইবনে খালদুন ইতিহাসদর্শনের যে তত্ত্ব উদ্ভাবন করেছেন, তা যেকোনো যুগে বিশ্বের যেকোনো মস্তিষ্কের শ্রেষ্ঠ সৃষ্টি।
কেবল রাজনৈতিক ঘটনাপ্রবাহ নয়, মুসলিম ঐতিহাসিকেরা সমাজ ও সংস্কৃতির ইতিহাস রচনাতেও অনন্য পথপ্রদর্শক ছিলেন। ‘আরবদের হেরোডোটাস’ নামে পরিচিত আল-মাসউদি তাঁর ‘মুরুজ উজ-জাহাব’ গ্রন্থে ভূগোল, প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজতত্ত্বকে ইতিহাসের সঙ্গে একীভূত করেন। একইভাবে আলবিরুনি রচিত ‘কিতাবুল হিন্দ’ গ্রন্থটি ভারতবর্ষের ধর্ম, দর্শন ও রীতিনীতির নিরপেক্ষ মূল্যায়নে এক অতুলনীয় আকর গ্রন্থ হিসেবে গণ্য হয়। গবেষকদের মতে, ভারতীয় সংলগ্ন অঞ্চলে সুসংবদ্ধ লিখিত ইতিহাসচর্চার প্রধান সূচনাও ঘটেছিল মুসলিম পণ্ডিতদের হাত ধরে।
পরবর্তী সময়ে আধুনিক পশ্চিমা ঐতিহাসিকদের বস্তুনিষ্ঠ ইতিহাসচর্চার মূলে মুসলিম মনীষীদের এই গবেষণারীতিই পরোক্ষভাবে কাজ করেছে। সত্যতা যাচাইয়ের কঠোর মানদণ্ড এবং তথ্যনির্ভর বিশ্লেষণের মাধ্যমে মধ্যযুগে মুসলিম পণ্ডিতগণ ইতিহাসচর্চায় যে ধারা স্থাপন করেছিলেন, তার ফলেই মানব সভ্যতার এক বিশাল ইতিহাস আজ সংরক্ষিত রয়েছে।
রিপোর্টার নাম: 
























