মানবজীবনের উৎকর্ষ সাধনে বাহ্যিক রূপের চেয়ে চারিত্রিক সৌন্দর্য এবং সৎকর্মের গুরুত্ব অপরিসীম। ইসলাম ধর্মে মানুষের আত্মিক বিকাশ এবং মার্জিত ব্যক্তিত্ব গঠনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবজাতির সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, যাঁর অনুপম চরিত্র ও মহান আদর্শই যুগে যুগে মানুষকে ইসলামের সুশীতল ছায়ায় আকৃষ্ট করেছে। ছোট ছোট ভালো অভ্যাসের নিয়মিত চর্চা একজন সাধারণ মানুষকে ধীরে ধীরে অনন্য ব্যক্তিত্বের অধিকারী করে তোলে। ইসলামি জীবনদর্শন এবং কোরআন-সুন্নাহর আলোকে এমন নয়টি বিশেষ অভ্যাসের কথা আলোচিত হয়েছে, যা একজন মুমিনকে সুন্দর ব্যক্তিত্ব গঠনে এবং সমাজে অনুকরণীয় হতে সহায়তা করে।
প্রথমত, সততা ও সত্যবাদিতাকে জীবনের মূলনীতি হিসেবে গ্রহণ করা অত্যন্ত জরুরি। মানবজীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো বিশ্বাসযোগ্যতা, যার মূল ভিত্তি সত্যবাদিতা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো।’ (সুরা তওবা, আয়াত: ১১৯)। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সত্য মানুষকে কল্যাণের পথে ধাবিত করে এবং কল্যাণ জান্নাতে পৌঁছে দেয়। দ্বিতীয়ত, সময়ানুবর্তিতা বা সময়ের সঠিক মূল্যায়ন করা সফলতার অন্যতম চাবিকাঠি। সময়ের অপচয় না করে প্রতিটি কাজ নির্দিষ্ট সময়ে সম্পন্ন করা ব্যক্তিত্বের দৃঢ়তা প্রকাশ করে। হাদিসে এসেছে, সুস্বাস্থ্য ও অবসর সময়—এই দুটি মূল্যবান নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন থাকে।
তৃতীয়ত, প্রতিশ্রুতি রক্ষার অভ্যাস একজন মানুষের নৈতিক উচ্চতা ও নির্ভরযোগ্যতা প্রমাণ করে। ইসলামে ওয়াদা বা অঙ্গীকার রক্ষা করাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করাকে মুনাফেকের আলামত বলা হয়েছে। চতুর্থত, সুন্দর আচরণ বা ভদ্রতা মানুষের হৃদয় জয় করার সবচেয়ে বড় হাতিয়ার। উত্তম চরিত্র মানুষকে আল্লাহর নিকটবর্তী করে এবং কিয়ামতের দিন রাসুল (সা.)-এর সান্নিধ্য লাভ সহজ করে দেয়। পঞ্চম পয়েন্টে রয়েছে জ্ঞানচর্চার অভ্যাস। নিয়মিত বই পড়া, অভিজ্ঞদের কাছ থেকে শিক্ষা নেওয়া এবং নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করার মানসিকতা ব্যক্তিত্বকে পরিণত করে। ষষ্ঠত, আত্মসংযম এবং রাগ নিয়ন্ত্রণ করা প্রকৃত মুমিনের অন্যতম ভূষণ। রাগের মুহূর্তে নিজেকে সংবরণ করতে পারা ব্যক্তিকেই প্রকৃত শক্তিশালী হিসেবে আখ্যায়িত করা হয়েছে হাদিসে।
সপ্তমত, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় বা কৃতজ্ঞতা প্রকাশ এবং মানুষের ছোটখাটো ত্রুটি ক্ষমা করার উদারতা ব্যক্তিত্বকে আকর্ষণীয় ও মহিমান্বিত করে তোলে। অষ্টম অভ্যাসে রয়েছে ইতিবাচক মানসিকতা ও আশাবাদী দৃষ্টিভঙ্গি। একজন মুমিন কখনোই হতাশ হয় না; বরং প্রতিটি পরিস্থিতিকে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করে। নবমত, প্রতিদিন আত্মমূল্যায়ন বা আত্মোন্নয়নের চেষ্টা করা। খলিফা হজরত ওমর (র.)-এর বিখ্যাত বাণী অনুযায়ী, নিজের হিসাব নিজে নেওয়ার মাধ্যমেই মানুষ ভুলত্রুটি শুধরে সঠিক পথে চলতে পারে। পরিশেষে, বাহ্যিক চাকচিক্যের পরিবর্তে তাকওয়া, উত্তম চরিত্র এবং জনকল্যাণমুখী জীবনবোধের চর্চাই একজন মুমিনকে পরিপূর্ণ ও সুন্দর ব্যক্তিত্বের অধিকারী করে তুলতে পারে।
রিপোর্টার নাম: 





















