ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার লর্ডস টেস্ট চলাকালীন স্কাই স্পোর্টসে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের দুই ছেলে সুলেইমান খান ও কাসিম খানের সাক্ষাৎকার প্রচারকে কেন্দ্র করে বড় ধরনের কূটনৈতিক ও ক্রীড়া বিতর্ক সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার লর্ডস টেস্টের প্রথম দিন লাঞ্চ বিরতির সময় ১৮ মিনিটের এই সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল আথারটনের নেয়া এই সাক্ষাৎকারে তারা তাদের কারাবন্দি বাবার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, প্রায় তিন বছর ধরে কারাগারে থাকা ইমরান খানের জীবন নিয়ে তারা শঙ্কিত এবং তাকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে না।
ক্রিকইনফো ও দ্য গার্ডিয়ানের তথ্যমতে, সাক্ষাৎকারটি প্রচার না করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বৃটিশ সংবাদমাধ্যমটির ওপর তীব্র চাপ প্রয়োগ করে। এমনকি সম্প্রচার বন্ধ না করলে পাকিস্তান দল মাঠে নামবে না বলেও হুমকি দেয়া হয়। এই চাপের মুখে সাক্ষাৎকারটির প্রচার কিছুটা বিলম্বিত হলেও শেষ পর্যন্ত তা সম্প্রচার করা হয়। তবে নির্ধারিত বেলা ২টা ৪০ মিনিটে দ্বিতীয় সেশনের খেলা শুরু করতে পাকিস্তান দল মাঠে নামে। উল্লেখ্য, পাকিস্তানের স্থানীয় সম্প্রচারমাধ্যম পিটিভি এই সাক্ষাৎকারটি প্রচার করেনি।
এর আগে গত সপ্তাহে বিশ্বের ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে একটি চিঠি পাঠান। সেই দলে মাইকেল আথারটনও অন্তর্ভুক্ত ছিলেন। চিঠিতে কারাবন্দি ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হয়। অন্যদিকে, ইমরান খানের পরিবার ও আইনজীবীদের সব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে পাকিস্তান সরকার। কর্তৃপক্ষের দাবি, ২০২৩ সালের আগস্টে বন্দি হওয়ার পর থেকে ইমরান খানের সঙ্গে তার পরিবার, আইনজীবী ও চিকিৎসকেরা ৯০০ বারের বেশি দেখা করার সুযোগ পেয়েছেন।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ইমরান খান বর্তমানে দুর্নীতির অভিযোগে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে কারাবন্দি আছেন। ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী এই অধিনায়কের কারাবন্দি জীবন ও শারীরিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বেশ কিছুদিন ধরে নানা আলোচনা ও উদ্বেগ চলছে।
রিপোর্টার নাম: 

























