মিরপুর টেস্টে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পাওয়ায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারেননি মুমিনুল হক। ওই ম্যাচে তাঁর কনকাশন সাব হিসেবে মাঠে নেমেছিলেন জাকের আলী। কনকাশন প্রটোকল অনুযায়ী, মাথায় আঘাত পেয়ে কনকাশন শনাক্ত হলে একজন ক্রিকেটারকে মাঠে ফেরার আগে অন্তত ৭ দিন বিশ্রামে থাকতে হয়। সেই বাধ্যবাধকতার কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিলেট টেস্টের দল থেকে ছিটকে পড়েছেন এই ব্যাটার।
মুমিনুলের পরিবর্তে বিসিবি দলে ডেকেছে অমিত হাসানকে। প্রথম টেস্টের দল থেকে এটিই একমাত্র পরিবর্তন। গত জুন মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া ডানহাতি এই ব্যাটার ওই ম্যাচে প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ২৫ রান করেছিলেন। এরপর অস্ট্রেলিয়া ও আফগানিস্তান সিরিজসহ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে তাঁকে বাইরে রাখা হয়েছিল। তবে বর্তমান জাতীয় ক্রিকেট লিগে দারুণ ফর্মে আছেন অমিত। সিলেটের হয়ে খেলা ৫ ইনিংসে ৩৬১ রান করার পাশাপাশি একটি ডাবল সেঞ্চুরির ইনিংসও রয়েছে তাঁর। জাতীয় ক্রিকেট লিগের চলমান রাউন্ডেও খেলছেন অমিত।
রিপোর্টার নাম: 
























