খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুই যুবক নগর ভবনের বাইরের সড়ক থেকে ভবনের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে। তবে ঘটনাস্থলে কোনো দাহ্য পদার্থ না থাকায় আগুন বড় কোনো আকার ধারণ করেনি এবং দ্রুতই নিভে যায়। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বোমাটি সিঁড়ির ওপর পড়ার ফলে সেখানে সামান্য কিছু দাগ ছাড়া বড় কোনো ক্ষতি হয়নি। পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গেছে, হামলাকারী যুবকরা যে মোটরসাইকেলটি ব্যবহার করেছিল, সেটি ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। এই মোটরসাইকেলের সূত্র ধরে জড়িতদের চিহ্নিত করা এবং আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
তদন্তের বিষয়ে ওসি আরও জানান, গত ২০ থেকে ২৫ দিনের মধ্যে খুলনা সদর থানা এলাকায় নিষিদ্ধ কোনো সংগঠনের তৎপরতা বা সক্রিয়তার কোনো তথ্য পুলিশের কাছে ছিল না। ঘটনাটি রহস্য উদ্ঘাটনে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
রিপোর্টার নাম: 
























