মহান বিজয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক আন্তমন্ত্রণালয় সভায় এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে।
সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যসহ দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণের সময় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই এলাকায় নিরাপত্তা জোরদার করতে পর্যাপ্ত সিসিটিভি ও আইপি ক্যামেরা বসানো হবে, যা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকবে। স্মৃতিসৌধগামী প্রধান সড়ক ও আশপাশের এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।
বিজয় দিবস ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য বিশেষ শাখা (এসবি) এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাকে নজরদারি আরও বাড়ানোর জন্য বলা হয়েছে। এছাড়া জরুরি সেবা নিশ্চিতকল্পে স্মৃতিসৌধ ও দেশের সব অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নিনির্বাপণী গাড়ি প্রস্তুত রাখা হবে। বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশিসহ কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের গুরুত্বপূর্ণ সব অনুষ্ঠানস্থলেও এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
প্রস্তুতিমূলক এই সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, যারা নিজ নিজ দায়িত্ব অনুযায়ী বিজয় দিবসের অনুষ্ঠানগুলো নিরাপদ ও সুশৃঙ্খল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
রিপোর্টার নাম: 
























