পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান এবং অতীতে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে এখানকার খেলোয়াড়দের সাফল্যের কথা তুলে ধরে নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম আশা প্রকাশ করেছেন, রাঙামাটি ও পাহাড়ি অঞ্চল থেকেই আগামী দিনে সাঁতারের নতুন ও প্রতিভাবান তারকারা উঠে আসবে। সোমবার (১৬ নভেম্বর) কাপ্তাই হ্রদে অনুষ্ঠিত ‘২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নৌবাহিনী প্রধান বলেন, কাপ্তাই লেকের সুদীর্ঘ জলরাশিতে আয়োজিত এই দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা উপস্থিত দর্শকদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। তিনি বিশ্বাস করেন, সকলের সম্মিলিত উৎসাহ ও অংশগ্রহণের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে এবং সাঁতারসহ অন্যান্য খেলাধুলা আরও সমৃদ্ধ হবে। নৌবাহিনী প্রধান বলেন, রাঙামাটির কাপ্তাইয়ের এই সুদীর্ঘ লেকে পুরুষদের ১০ কিলোমিটার এবং মেয়েদের ৮ কিলোমিটার দূরত্বের এই দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা উপস্থিত সবাইকে অত্যন্ত অনুপ্রাণিত করেছে।
উল্লেখ্য যে, প্রতিযোগিতাটি কাপ্তাই হ্রদের মগবান টিলা এলাকা থেকে শুরু হয়ে রাঙামাটির শহীদ মিনার ঘাট এলাকায় শেষ হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা ২০ জন সাঁতারু অংশ নেন। এর মধ্যে পুরুষ ও নারী বিভাগে ৯ জন করে মোট ১৮ জন এবং স্থানীয় রাঙামাটি জেলা থেকে দুইজন সাঁতারু প্রতিদ্বন্দ্বিতা করেন। তীব্র লড়াই শেষে পুরুষ বিভাগে প্রথম স্থান অধিকার করেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহম্মেদ এবং নারী বিভাগে প্রথম হন বাংলাদেশ নৌবাহিনীর মুক্তি খাতুন।
প্রতিযোগিতা শেষে রাঙামাটি শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এছাড়াও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান, জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব এবং চট্টগ্রাম নৌ কমান্ডার জিয়াউল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও অর্থ পুরস্কার তুলে দেন।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনা ও নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে জানানো হয়, নদীমাতৃক বাংলাদেশে সাঁতারের প্রসার ও নতুন প্রতিভাবানদের খুঁজে বের করতে বেশ কিছু নতুন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিভা অন্বেষণ কর্মসূচি, জাতীয় বয়সভিত্তিক প্রতিযোগিতা এবং সাঁতারুদের দক্ষতা বাড়াতে দেশি-বিদেশি উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা অন্যতম। শেষ পর্যায়ে ইভেন্টটি সফল করতে জেলা ও পুলিশ প্রশাসন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ, ক্রীড়া সংস্থা এবং বাংলাদেশ নৌবাহিনীর সংশ্লিষ্ট ইউনিটের সহযোগিতার জন্য আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।
রিপোর্টার নাম: 
























