স্বাধীনতার পর থেকে বাংলাদেশ এখনো কোমর সোজা করে দাঁড়াতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ আসনের দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, অহেতুক রাজনৈতিক বিরোধিতায় লিপ্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের বর্তমান সংকট মোকাবিলায় কাজ করতে হবে।
অনুষ্ঠানে মির্জা আব্বাস জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তীব্র সমালোচনা করে অভিযোগ তোলেন, তারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নিজেদের আখের গুছাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দলের কেউ যদি আওয়ামী লীগকে রাজনৈতিক জায়গা করে দেয়, তবে তাদেরও প্রতিহত করা হবে। এছাড়া তথাকথিত কিছু বিরোধী দল দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও তিনি দাবি করেন।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামও বক্তব্য দেন। তিনি বিরোধী দলকে জাতীয় ঐক্য বিনষ্ট করার অপচেষ্টা থেকে সরে আসার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, কোনো ধরনের লংমার্চ কিংবা আন্দোলন চালিয়ে বিএনপিকে দমানো যাবে না। পাঁচ বছর ক্ষমতায় থাকলে বিএনপি রাজনৈতিকভাবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টার নাম: 


























