পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি নেতা ইমরান খানকে চিকিৎসার জন্য মঙ্গলবার গভীর রাতে কঠোর গোপনীয়তায় ইসলামাবাদের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় তাকে হাসপাতালের শরণাপন্ন হতে হয়। আজ বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সূত্রগুলো জানিয়েছে, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি থাকাকালে ইমরান খানের চোখ পরীক্ষা করা হয় পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে। হাসপাতালের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাবেক এই প্রধানমন্ত্রীর রক্তচাপজনিত কিছু সমস্যা দেখা দিয়েছিল। হাসপাতালে তাকে প্রয়োজনীয় সেবা দেওয়ার পরপরই আবার কারাগারে ফেরত পাঠানো হয়। এছাড়াও পরীক্ষায় তার ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ক্রিকেট মাঠ থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে অসংখ্য দুর্নীতির মামলার মুখোমুখি হয়েছেন। প্রায় তিন বছর ধরে তিনি কারাবন্দি জীবন কাটাচ্ছেন। যদিও তার বিরুদ্ধে থাকা অধিকাংশ দণ্ডাদেশ হয় স্থগিত, নয়তো বাতিল করা হয়েছে, তবে বেশ কিছু মামলার আপিল এখনো আদালতে ঝুলে আছে। শুরু থেকেই ইমরান খান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। পাকিস্তান সরকার অবশ্য এমন অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছে। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এসব মামলা করা হয়েছে।
ইমরান খানের আইনজীবী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কারাগারে যথাযথ চিকিৎসার অভাবে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। এর আগে আগস্ট মাসেও তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল, তবে সেই প্রক্রিয়া মাঝপথে স্থগিত করা হয়। এই পরিস্থিতির মধ্যেই আদালতের একটি নির্দেশনা অনুযায়ী, কারা কর্তৃপক্ষকে ইমরান খানের আইনজীবী ও তার স্ত্রীর সাথে নিয়মিত দেখা করার সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই দিনে ইমরান খানের দলের ডেপুটি চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে লাহোরের কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন।
রিপোর্টার নাম: 






















