যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে বিদ্যমান সামরিক উত্তেজনার আবহে নিজেদের সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স। গত মঙ্গলবার (১০ নভেম্বর) এই সামরিক স্থাপনার উদ্বোধনী আয়োজনের ভিডিও প্রকাশ করা হয়। কয়েক সপ্তাহ ধরেই ইরানের উচ্চপদস্থ নেতারা বিশ্বকে চমকে দেওয়ার মতো নতুন অস্ত্র উন্মোচনের ইঙ্গিত দিয়ে আসছিলেন, এই মিসাইল সিটি যেন সেই ধারাবাহিকতারই একটি অংশ।
প্রকাশিত ভিডিওতে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সেগুলোর উৎক্ষেপণযান বা লঞ্চার দেখা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি উপস্থিত ছিলেন। তারা ভূগর্ভস্থ স্থাপনাটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ক্ষেপণাস্ত্র ইউনিট ও লঞ্চারগুলোর যুদ্ধ প্রস্তুতি ও অভিযান পরিচালনার সক্ষমতা যাচাই করেন।
জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মাটির গভীরে সংরক্ষিত ও উৎপাদিত এসব উন্নত ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে পুরোপুরি চমকে দেবে এবং ইরানের সক্ষমতার অকাট্য প্রমাণ হিসেবে কাজ করবে। এর আগে ৭ নভেম্বর আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি অ্যারোস্পেস ফোর্সের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এমন নতুন স্থাপনা ও সামরিক সক্ষমতা উন্মোচনের ঘোষণা দিয়েছিলেন।
মোহেব্বি জানান, আইআরজিসি তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনব্যবস্থা ভূপৃষ্ঠের স্থাপনা থেকে অনেক গভীরে সরিয়ে নিয়েছে। শুধুমাত্র অস্ত্র সংরক্ষণের জন্যই নয়, বরং মাটির গভীরে এগুলো তৈরির জন্য বিশেষ অবকাঠামো গড়ে তোলা হয়েছে। নিজস্ব প্রযুক্তি, বিশাল ভূখণ্ড এবং নমনীয় উৎপাদন ব্যবস্থার কারণে যেকোনো তীব্র বোমাবর্ষণের মুখেও অস্ত্র উৎপাদন সচল রাখা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের মুখপাত্র তাদের অর্জিত ১০টি প্রধান সামরিক সাফল্যের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ইরান এখন অস্ত্র আমদানিকারক থেকে উন্নত সামরিক সরঞ্জামের স্বাবলম্বী উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। নিজস্ব প্রযুক্তি ও বৈজ্ঞানিক উদ্ভাবনকে কাজে লাগিয়ে এই মহাকাশ ও প্রতিরক্ষা সক্ষমতা অর্জিত হয়েছে।
সামরিক সাফল্যের ফিরিস্তিতে জানানো হয়, ‘শহীদ-১৩৬’ ড্রোন এখন শিল্প পর্যায়ে বিপুল পরিমাণে তৈরি হচ্ছে। এছাড়া ‘আরমান’ ক্ষেপণাস্ত্র, ‘৩৫৮’ ড্রোন এবং ‘তৃতীয় খোরদাদ’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে বিদেশে রপ্তানি করছে তেহরান। শত্রুর জব্দ করা অস্ত্রের অনুকরণ বা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপর নির্ভর না করে নিজস্ব ঘরানার প্রযুক্তিকাঠামো দাঁড় করানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
মোহেব্বির দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সাম্প্রতিক উত্তেজনার সময় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স অন্তত ২৬০টি শত্রু আকাশযান ধ্বংস ও প্রতিহত করেছে। এর মধ্যে এফ-৩৫, এফ-১৬, এফ-৫ ও এফ-১৮ যুদ্ধবিমান এবং এমকিউ-১, আরকিউ-৪, অরবিটার ও লুকাসের মতো আধুনিক ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে। স্টিলেথ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলোকে রাডার-অদৃশ্য করা হয়েছে, যা আমেরিকার ‘থাড’ কিংবা ‘প্যাট্রিয়ট’-এর মতো বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে অকার্যকর করতে সক্ষম।
শত্রুপক্ষের মূল সামরিক ও প্রযুক্তিগত অবকাঠামো, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা প্রসেসিং সেন্টারে প্রতিশোধমূলক আঘাত হানার পূর্ণ প্রস্তুতি তাদের রয়েছে বলে জানান মোহেব্বি। তিনি আরও বলেন, শত্রুপক্ষ যদি ‘তৃতীয় ধাপে’ কোনো সামরিক ভুল করে বা সংঘাত বাড়ায়, তবে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া আরও গোপন নতুন প্রযুক্তি সামনে আনা হবে।
পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরে নৌযানে হামলা, যুক্তরাষ্ট্রের নির্বাচন এবং ইউক্রেন যুদ্ধের টানাপোড়েনের মাঝে এই ক্ষেপণাস্ত্র নগরীর উন্মোচন ওয়াশিংটন ও তেল আবিবের ওপর কৌশলগত চাপ আরও বাড়িয়ে দিয়েছে।
রিপোর্টার নাম: 






















