সংগীতশিল্পী ও লেখক পারশা মাহজাবীন পূর্ণী তার বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে ফেসবুকে এক দীর্ঘ ও স্পষ্ট বার্তা দিয়েছেন। আসাদ নূরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে যে নানামুখী আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে, সে বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। বিশেষ করে ধর্মীয় রক্ষণশীলতা ও উগ্রতার বিরুদ্ধে তার আপসহীন মনোভাব তুলে ধরেছেন এই শিল্পী।
বিয়ে সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে পারশা জানান, এটি কোনো নির্দিষ্ট ধর্মের পেটেন্ট করা প্রথা নয়, বরং প্রাচীন মেসোপটেমীয় সভ্যতা থেকেই চলে আসছে। সন্তান লালন-পালনের প্রবল আগ্রহ থেকেই তিনি একে সামাজিক ও মানসিক প্রয়োজন হিসেবে দেখেন। নিজের হবু সন্তানদের জন্য একজন দায়িত্বশীল বাবার আকাঙ্ক্ষা থেকেই তিনি আসাদকে বেছে নিয়েছেন বলে জানান। এ সময় নিজেকে তসলিমা নাসরিনের সঙ্গে তুলনা করার ট্রোলের কড়া জবাব দিয়ে তিনি বলেন, অন্যের দ্বিতীয় সংস্করণ হওয়ার কোনো ইচ্ছে তার নেই, বরং নিজের স্বকীয়তা বজায় রাখাই তার লক্ষ্য।
স্বামী আসাদ নূরের জীবনের কঠিন পথচলার কথা উল্লেখ করে পারশা জানান, তাদের পারিবারিক প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। তিনি একটি সংস্কৃতিমনস্ক ও মুক্তচিন্তার পরিবারে বড় হয়েছেন, যেখানে আসাদের জীবন ছিল চরম নির্যাতনের শিকার। মাদ্রাসায় পড়ার সময়কার বিভিন্ন নির্যাতনের অভিজ্ঞতার পাশাপাশি সামাজিক ও পারিবারিক চাপে আসাদ ভিন্ন চিন্তার দিকে ধাবিত হয়েছেন বলে তিনি মনে করেন। অতীতে সামাজিক বৈষম্য ও উগ্রতার শিকার হয়ে আসাদকে জেল খাটতে হয়েছে এবং দীর্ঘ ১০ বছর তিনি তার মায়ের দেখা পাননি। তবে বর্তমান আসাদ আগের চেয়ে অনেক বেশি পরিপক্ব ও যত্নশীল বলে তার দাবি।
পারিবারিক সিদ্ধান্তের বিষয়ে পারশা বলেন, তার বাবা-মা শুরুতে এই বিয়েতে রাজি ছিলেন না, কিন্তু পরবর্তীতে তার ব্যক্তিস্বাধীনতাকে সম্মান জানিয়েছেন। তার বড় ভাই একজন প্র্যাকটিসিং মুসলিম হওয়া সত্ত্বেও পরিবারের কেউ কারও ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেন না। ধর্মের প্রতি নিজের বিরোধ নেই জানিয়ে পারশা বলেন, তার আপত্তি মূলত ধর্মকে ব্যবহার করে উগ্রতা, বিদ্বেষ ছড়ানো ও রাজনৈতিক স্বার্থ হাসিলের বিরুদ্ধে। নারীর পোশাক ও স্বাধীনতা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধাই মনুষ্যত্বের প্রথম পরিচয়।
রিপোর্টার নাম: 






















