আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার সকাল ৯টায় নওগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত জেলা জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, স্থানীয় নির্বাচনের প্রতিটি স্তরে প্রার্থী দিয়ে সংগঠনকে সুসংগঠিত করতে হবে এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে বিজয় নিশ্চিত করতে হবে।
সম্মেলনে জামায়াতের প্রতিটি কর্মীকে সমাজকর্মীর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার সমাধানে কাজ করতে হবে, যাতে সংগঠনের প্রতি জনগণের আস্থা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। এছাড়া ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং দলের জনশক্তির মধ্যে তাকওয়ার মান নিশ্চিত করে খোদাভীরু নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত তাদের চলমান আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা করেন।
নওগাঁ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খ.ম. আব্দুর রাকিবের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আ.স.ম. সায়েমের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও জেলা নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ পৌরসভার মেয়র প্রার্থী অধ্যাপক মো. মহিউদ্দিন এবং জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক নসির উদ্দিন, নাজমুল হোসেন ও মারুফ আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনের মূল লক্ষ্য ছিল ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা। আগামী স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায় থেকে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর বক্তারা বিশেষ গুরুত্বারোপ করেন।
রিপোর্টার নাম: 

























