পার্বত্য ও প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং সার্বিক একাডেমিক অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে কচ্ছপতলী আলোর পাঠশালায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং পরিচালনা পর্ষদের সদস্যরা একত্রিত হয়ে শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়নে নানা দিকনির্দেশনামূলক আলোচনায় অংশ নেন।
সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরা উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের শিক্ষার বর্তমান চিত্র, ক্লাসে নিয়মিত উপস্থিতির প্রয়োজনীয়তা, অধ্যবসায় এবং চরিত্র গঠনে নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। প্রধান শিক্ষক অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার আসল রূপান্তর ঘটে বিদ্যালয় ও পরিবারের যৌথ প্রচেষ্টায়। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের যেসব বিষয়ে দুর্বলতা চিহ্নিত হয়েছে, তা বাড়িতে নিয়মিত অনুশীলনের মাধ্যমে দূর করার জন্য তিনি অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানান। একই সাথে ঘরে শিশুদের জন্য পড়াশোনার অনুকূল ও মনোরম পরিবেশ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি বা স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি, সম্মানিত সদস্য ও সদস্যাবৃন্দ এবং শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এসএমসির প্রতিনিধিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের শৃঙ্খলাপরায়ণতা ও মানবিক মূল্যবোধ বিকাশে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত অভিভাবকেরা বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও শিক্ষকবৃন্দের আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল হস্তান্তর করা হয়। ফলাফলে সন্তোষজনক অগ্রগতি অর্জন করা শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি যাদের কাঙ্ক্ষিত ফলাফল আসেনি, তাদের পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুত করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এই ধরণের প্রত্যক্ষ যোগাযোগ শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।
রিপোর্টার নাম: 



















