ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত ও স্মরণীয় মুহূর্তের সাক্ষী বলটি এবার উঠতে চলেছে নিলামে। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার সেই বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল এবং ‘শতাব্দীর সেরা’ গোলের সময় ব্যবহৃত বলটি চলতি মাসেই নিলামে বিক্রি করা হবে। টেক্সাসের স্বনামধন্য নিলামকারী প্রতিষ্ঠান ‘হেরিটেজ অকশনস’-এর উদ্যোগে আগামী ২১ থেকে ২৩ আগস্ট এই নিলাম অনুষ্ঠিত হবে। ক্রীড়াাবিশ্বের এই ঐতিহাসিক স্মারকটির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৩ কোটি টাকা বা ১ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
নিলামকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বলটির ভিত্তিমূল্য ধরা হয়েছে ২৫ লাখ ডলার, যা প্রায় ৩০ কোটি ৯৪ লাখ টাকার সমান। হেরিটেজ অকশনসের ক্রীড়া বিভাগের সহসভাপতি ড্যান ইমলার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বলটিকে ফুটবল বিশ্বের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় বল হিসেবে অভিহিত করেছেন। বিশেষ করে, ১৯৮৬ সালের ২২ আগস্ট মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচের দুটি গোলই সম্পন্ন হয়েছিল এই একই বল দিয়ে, যা এই স্মারকটির ঐতিহাসিক গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
১৯৮৬ সালের সেই ম্যাচটি কেবল একটি ফুটবল ম্যাচ ছিল না, বরং এটি পরিণত হয়েছিল রূপকথায়। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই আসে সেই বহুল আলোচিত মুহূর্ত। ৫১ মিনিটে ইংল্যান্ডের গোলকিপার পিটার শিলটনের সঙ্গে হেডের লড়াইয়ে যাওয়ার ভান করে বাঁ হাতের আলতো ছোঁয়ায় বল জালে পাঠান ম্যারাডোনা। রেফারি ঘটনাটি দেখতে না পাওয়ায় গোলটি বৈধ হিসেবে গণ্য হয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যারাডোনা রসিকতা করে বলেছিলেন, গোলটি কিছুটা দিয়েগোয় মাথা এবং কিছুটা ‘ঈশ্বরের হাতে’ হয়েছিল।
এর মাত্র চার মিনিট পর, অর্থাৎ ম্যাচের ৫৫ মিনিটে আসে ফুটবলের ইতিহাসের অন্যতম নান্দনিক মুহূর্তটি। নিজেদের অর্ধে বল পেয়ে প্রায় ৬০ গজ দূর থেকে দৌড় শুরু করেন ম্যারাডোনা। চোখের পলকে ইংল্যান্ডের চারজন ফিল্ড খেলোয়াড় এবং গোলকিপার পিটার শিলটনকে কাটিয়ে বল জড়ান জালে। ফুটবল বোদ্ধাদের মতে, এটি কেবল শতাব্দীর সেরা গোলই নয়, বরং ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা শিল্পকর্ম। একই ম্যাচে বিতর্ক এবং নান্দনিকতার এমন মেলবন্ধন খুব কমই দেখা গেছে।
উল্লেখ্য, ১৯৮৬ সালের সেই ম্যাচে ম্যারাডোনার পরিধান করা জার্সিটি ইতিপূর্বেই রেকর্ড দামে বিক্রি হয়েছে। নিলামে জার্সিটির দাম উঠেছিল প্রায় ১১৫ কোটি টাকা বা ৯৩ লাখ ডলার, যা ক্রীড়াজগতের স্মারক বিক্রির ক্ষেত্রে একটি অন্যতম মাইলফলক। এখন সেই ম্যাচের বলটি নিলামে তোলার ঘোষণায় বিশ্বজুড়ে ক্রীড়া সংগ্রাহক ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, ফুটবল ইতিহাসের অন্যতম প্রভাবশালী এই চরিত্রের ছোঁয়া থাকা বলটি কেনার জন্য বিশ্বজুড়ে বিত্তশালী সংগ্রাহকদের মধ্যে তুমুল প্রতিযোগিতা হবে।
রিপোর্টার নাম: 




















