চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও কারানির্যাতিত নেতা মুসলিম উদ্দীন। তাকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মুসলিম উদ্দীন দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় তিনি নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন এবং কারাবরণও করেছেন। স্থানীয় নেতাকর্মীদের দাবি, কঠিন সময়েও তিনি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।
আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলেও দাবি করেছেন সমর্থকরা। বিশেষ করে বন্যাসহ বিভিন্ন দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি স্থানীয়ভাবে পরিচিতি পেয়েছেন বলে জানা গেছে।
সমর্থকদের মতে, মুসলিম উদ্দীন একজন তরুণ রাজনৈতিক নেতা হিসেবে দীর্ঘদিন ধরে আমিরাবাদ ইউনিয়ন ও লোহাগাড়া উপজেলার মানুষের জন্য কাজ করে আসছেন। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার কারণে তাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান অনেকে।
তবে চেয়ারম্যান পদে তার প্রার্থিতা এখনো চূড়ান্ত হয়নি। নির্বাচনের তফসিল ও দলীয় সিদ্ধান্তের পর বিষয়টি আরও স্পষ্ট হবে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা বাড়ছে। এরই মধ্যে মুসলিম উদ্দীনের নাম আলোচনায় আসায় স্থানীয় রাজনীতিতে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 






















