রাজধানীর মিরপুরের দুয়ারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, হামলা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, একটি রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে এলাকায় দখলদারিত্ব ও চাঁদাবাজি চালিয়ে আসছে ওই চক্র।
ভুক্তভোগী ইন্টারনেট ব্যবসায়ী মানিক জানান, তিনি দীর্ঘদিন ধরে দুয়ারীপাড়া এলাকায় ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছেন। তার অভিযোগ, সম্প্রতি একটি প্রভাবশালী চক্র তার কাছে প্রতি মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১১ মার্চ ২০২৬ তার ওপর হামলা চালানো হয় এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরেরও চেষ্টা করা হয়।
মানিক আরও অভিযোগ করেন, এর আগেও চাঁদার দাবিতে তার ওপর চার থেকে পাঁচবার হামলা করা হয়েছে। তিনি দাবি করেন, অভিযুক্তরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, দখলদারিত্ব ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছে।
এ ঘটনায় তিনি রূপনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তার ওপর হামলা ও দোকান ভাঙচুরের চেষ্টা চালানো হয়।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— ফয়েজ হাওলাদার, পিতলা সুমন, রংপুরা মিলন, রংপুরা রুবেল এবং চিকু চোর মিরাজ। এছাড়াও আরও কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এ বিষয়ে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হাসান বলেন, “যারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকবে, তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও ভয়ভীতির কারণে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। তারা দ্রুত জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়ে এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও নেতাদের সঙ্গে কথা হলে তারা বলেন, যারা দল বা রাজনীতির পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
এই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিযোগগুলোর বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক 






















