পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির আজ শুক্রবার রাজধানীর খিলক্ষেতে পুলিশ ফাঁড়ি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, অতীতে পুলিশ বাহিনীতে যে বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, তা অনেকাংশে গুছিয়ে আনা সম্ভব হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার পুলিশকে সব ধরনের সহযোগিতা দিচ্ছে বলেও জানান তিনি।
আইজিপি বলেন, করোনা পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতার কারণে ২০২০-২১ সালে পুলিশ সপ্তাহ যথাযথভাবে আয়োজন করা সম্ভব হয়নি। তবে নতুন সরকারের আমলে নতুন আঙ্গিকে পুলিশ সপ্তাহ উদযাপন করা হবে। পুলিশকে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার দিকনির্দেশনা দিচ্ছে। নতুন প্রজন্ম যে ধরনের আধুনিক ও জনগণমুখী পুলিশ প্রত্যাশা করে, সেই লক্ষ্যেই কাজ চলছে।
পুলিশের পোশাক পরিবর্তন ও বিভিন্ন দাবিদাওয়ার বিষয়ে আলী হোসেন ফকির বলেন, বর্তমান সরকার আইন-শৃঙ্খলা উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে এবং পুলিশের প্রয়োজনীয় বিষয়গুলোতে আন্তরিকতা দেখাচ্ছে। আমলাতান্ত্রিক জটিলতা আগের তুলনায় কমেছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশে বর্তমানে প্রায় ২ লাখ ২০ হাজার পুলিশ সদস্য থাকলেও আবাসন সুবিধা রয়েছে মাত্র ১ লাখ ৫ হাজার সদস্যের জন্য। নতুন নিয়োগ ও অবসরের বিষয় বিবেচনায় নিয়ে সরকার আগামী অর্থবছরে এ খাতে সহায়তা বাড়াবে বলেও যোগ করেন তিনি।
নিজস্ব প্রতিনিধি 














