গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগ নদে মাছ ধরতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর সন্ধানে দীর্ঘ ২৩ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রেলওয়ে ব্রিজের নিচ থেকে ১০ বছর বয়সী আবু ইউনুসের মরদেহ উদ্ধার করা হয়। এরপর বিকেল ৪টা ১০ মিনিটের দিকে উদ্ধার করা হয় ৯ বছর বয়সী নিরবের মরদেহ। নিহত আবু ইউনুস টঙ্গীর বউবাজার এলাকার আলী কমিশনারের বাড়ির ভাড়াটিয়া শাহজাহানের ছেলে এবং নিরব একই বাড়ির ভাড়াটিয়া শাহ আলমের সন্তান।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জামাইবাজার এলাকায় রেলওয়ে ব্রিজের নিচে মাছ ধরতে গিয়ে নদীর স্রোতে তলিয়ে যায় শিশু দুটি। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। তবে বুধবার রাত সাড়ে ৭টা পর্যন্ত টানা অভিযান চালানোর পরও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। রাতে অন্ধকার ও বৈরী পরিস্থিতির কারণে সাময়িকভাবে উদ্ধার কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়। দীর্ঘ প্রচেষ্টার পর ডুবুরি দল একে একে দুই শিশুর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টার নাম: 























