রাজশাহীতে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০২৫ সালে দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে ঈদের উপহার তুলে দেওয়া হয়।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় বক্তারা বলেন, কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের পরিবারের পাশে দাঁড়ানো পুলিশ বিভাগের নৈতিক দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন।
রাজশাহী প্রতিনিধি 




















