ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শর্ত দেওয়া হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে নয়াদিল্লি থেকে যদি কোনো আনুষ্ঠানিক শর্ত আসে, তবে বাংলাদেশ সরকার তা বিবেচনা করে দেখবে। সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, কে কোথায় কী প্রতিবেদন প্রকাশ করছে তা দেখার সময় সরকারের নেই। সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি হিসেবে শেখ হাসিনা বর্তমানে বিদেশে অবস্থান করছেন এবং তিনি কীভাবে দেশে ফিরবেন, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, ভারতের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য আসামিদের মতো শেখ হাসিনাকেও দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে এবং তিনি এখানে এসে সাজা ভোগ করবেন। এ প্রক্রিয়ায় ভারতের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
শেখ হাসিনা ইস্যুতে দুই দেশের সম্পর্কের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত বিশাল এবং এটি কেবল একজন ব্যক্তির ইস্যুর মধ্যে সীমাবদ্ধ নয়। মুক্তিযুদ্ধের সময় থেকে গড়ে ওঠা এই সম্পর্কের গভীরতা অনেক বেশি। দুই দেশের মধ্যে যেসব অমীষণিত বিষয় রয়েছে, তা কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে বলে তিনি উল্লেখ করেন।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রতিমন্ত্রী বলেন, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এবং এখন যে ভাঙচুর ও অস্থিরতা তৈরি করা হচ্ছে, তাও তাদের ইন্ধনেই হচ্ছে। এই দল এখন দেশের বাইরে বসে নানা কর্মকাণ্ড পরিচালনা করছে, যা সরকার হিসেবে আমাদের গুরুত্বসহকারে বিবেচনা করতে হচ্ছে। এখন যে জ্বালাও পোড়াও করছে সেটাও আওয়ামী লীগ করছে। এই সন্ত্রাসী দল তো আগেও যা করেছে, এখনো তাই করছে।
বাংলাদেশ-ভারতের কনস্যুলার সংলাপ প্রসঙ্গে শামা ওবায়েদ জানান, এটি নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য এসেছে। সচিব পর্যায়ে এই সংলাপ হওয়ার কথা রয়েছে এবং দুই পক্ষই মনে করছে, কিছুদিন পরে এর আয়োজন করা বেশি ফলপ্রসূ হবে। এটা সচিব পর্যায়ে হওয়ার প্রয়োজন। সুতরাং, দুই দিক থেকে আমরা এবং উনারা বলেছেন যে; কিছুদিন পরে হলে ভালো হয়।
সম্প্রতি বিবিসি বাংলার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, শেখ হাসিনাকে হস্তান্তর করতে ভারত দুটি শর্ত দিয়েছে। এর মধ্যে একটি হলো, বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব উড়োজাহাজ ব্যবহার করে তাকে ফিরিয়ে নিতে হবে। দ্বিতীয় শর্ত হিসেবে প্রতিবেদনে বলা হয়েছিল, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করতে হবে। যদিও সরকারিভাবে এই ধরনের কোনো শর্তের অস্তিত্ব নাকচ করে দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গত ১২ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে নয়াদিল্লির কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন। প্রতিবেদনে উল্লেখিত প্রথম শর্তে বলা হয়েছিল, শেখ হাসিনা ভারতে এসেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে, তাকে ফিরিয়ে নেওয়ার কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।
রিপোর্টার নাম: 























