ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি তিনি রয়টার্স ও এপিকে দেওয়া সাক্ষাৎকারে আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেন। তবে তার এই দাবি ও তৎপরতাকে ভিত্তিহীন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তিনি স্পষ্ট করে বলেছেন, এসব কর্মকাণ্ড কেবলই রাজনৈতিক স্টান্টবাজি এবং হাসিনা আর দেশে ফিরবেন না।
সম্প্রতি জানা গেছে, ভারতে অবস্থানরত শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন জানিয়েছেন। রয়টার্সের হাতে আসা একটি চিঠির সূত্রে এই তথ্য প্রকাশ পায়। ওই চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা দাবি করেন যে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার আগের পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে। এই অবস্থায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে নতুন নথি দেওয়ার অনুরোধ জানিয়েছেন তার প্রতিনিধিরা।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট পাওয়ার এই আবেদন ও দেশে ফেরার ইচ্ছার প্রেক্ষিতেই চিফ প্রসিকিউটর এই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি একেবারেই ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এই অবস্থান স্পষ্ট করা হলো।
রিপোর্টার নাম: 
























