আজ সোমবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হতে যাচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সংবিধান অনুযায়ী সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে পুনরায় বসার বাধ্যবাধকতা থাকায়, গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন।
সংসদ সচিবালয়ের তথ্যমতে, এবারের অধিবেশন সংক্ষিপ্ত পরিসরে পরিচালিত হবে। এতে পাঁচটি থেকে ছয়টি বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। এছাড়া নিয়ম অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনা এবং বিভিন্ন সাধারণ আলোচনার সুযোগ থাকবে। আগামী জানুয়ারি মাসে পরবর্তী অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার কারণেই বর্তমান অধিবেশনের সময়কাল কম রাখা হয়েছে।
অধিবেশনের কর্মপদ্ধতি নির্ধারণে গত রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। স্পিকারের সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানসহ কমিটির সদস্যরা। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে সংসদের কার্যক্রম শুরু হবে।
অধিবেশন চলাকালীন সংসদ সদস্যদের পক্ষ থেকে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীকে সরাসরি উত্তর দেওয়ার জন্য ১৭৪টি প্রশ্ন এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন রয়েছে। এদিকে সংসদ ভবনের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে শতভাগ ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব করেন, যা উপস্থিত সদস্যরা সমর্থন করেছেন।
রিপোর্টার নাম: 





















