অনাবৃষ্টি দূর করে রহমতের বৃষ্টির আশায় কাতারজুড়ে বিশেষ সালাতুল ইস্তিস্কা আদায়ের আহ্বান জানিয়েছেন দেশটির আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী। মহানবীর (সা.) সুন্নাহ অনুসরণ করে আল্লাহর দরবারে ক্ষমার মানসিকতা নিয়ে এই নামাজ আদায়ের জন্য দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে।
ঘোষণা অনুযায়ী, আগামী ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার (২৫ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি) সকালে কাতারজুড়ে একযোগে এই বিশেষ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হবে। আমীরি দেওয়ান জানিয়েছে, কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী নিজে লুসাইল ঈদগাহে উপস্থিত থেকে সাধারণ মুসল্লিদের সাথে এই নামাজে অংশ নেবেন।
কাতারের আওকাফ ও ইসলামী বিষয়ক মন্ত্রণালয় দেশের নাগরিক ও প্রবাসী সবাইকে সুন্নাহ মোতাবেক জামাতে সালাতুল ইস্তিস্কা আদায়ে শরীক হওয়ার আহ্বান জানিয়েছে। আওকাফ ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা।
নামাজের সময়সূচি ও নিয়মাবলী
- সময়সূচি৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ঠিক ৫:৫৯ মিনিটে কাতারজুড়ে নির্ধারিত মসজিদ ও ঈদগাহগুলোতে ইস্তিস্কার নামাজ শুরু হবে।
- প্রস্তুতি ও নিয়মাবলীনামাজে যোগ দেওয়ার আগে তওবা করা, অন্যায় কাজ থেকে বিরত থাকা, দান-সদকা করা এবং বিনম্র হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মানসিকতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ইসলামিক পরিভাষায় ‘ইস্তিস্কা’ শব্দের অর্থ হলো আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা। খরা বা অনাবৃষ্টির সময়ে একাকী কিংবা জামাতবদ্ধ হয়ে ইস্তিগফার ও দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে রোনাজারি করা এবং বিশেষ সালাত আদায় করা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা-তাবেয়ীন অনাবৃষ্টি দেখা দিলে ইস্তিগফার ও আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে দুআর প্রতি সর্বাধিক গুরুত্ব দিতেন।
রাসুলুল্লাহ (সা.) এবং তাঁর সাহাবি ও তাবেয়িগণ অনাবৃষ্টির দিনে বিনম্র চিত্তে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করতেন। মহানবী (সা.) কখনো সমবেত হয়ে সালাতুল ইস্তিস্কা ও দোয়া করেছেন, আবার কখনো সালাত ছাড়াও সমবেতভাবে ইস্তিগফার ও মোনাজাতের মাধ্যমে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করেছেন। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় চলতি বছরও কাতারজুড়ে জাতীয়ভাবে পালিত হচ্ছে মহানবীর এই সুন্নাহ।
রিপোর্টার নাম: 




















