মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করার ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইয়েদ। নিজের বিজয় দাবি করে দেওয়া এক ভাষণে তিনি করপোরেট প্রতিষ্ঠান এবং প্রভাবশালী ধনকুবেরদের তীব্র সমালোচনা করেছেন। তার অভিযোগ, সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলার পেছনে এই বিশেষ গোষ্ঠীর স্বার্থ কাজ করছে এবং পুরো ব্যবস্থাকে তাদের সুবিধামতো সাজানো হয়েছে।
আল-সাইয়েদ স্পষ্টভাবে জানিয়েছেন যে, আমেরিকার বর্তমান ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রয়োজন। তিনি বলেন, ‘আমাদের আবারও মহান হওয়ার প্রয়োজন নেই; বরং আমাদের দরকার উন্নতি করার আকাঙ্ক্ষা।’ তার মতে, দেশের সম্পদ ও শাসনব্যবস্থা যখন একশ্রেণির শতকোটিপতির কুক্ষিগত থাকে, তখন সাধারণ মানুষের মৌলিক অধিকারগুলো সংকুচিত হয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক সংকটের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় বহন করা সাধারণ মানুষের জন্য দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। নিত্যপণ্য কেনা, গাড়িতে জ্বালানি ভরা কিংবা নিজের একটি বাড়ির মালিক হওয়ার স্বপ্ন পূরণ করা এখন সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে মানুষের জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও যোগ করেন, ‘আমেরিকার প্রকৃত মহানতা তার দুর্বলতাগুলোকে আড়াল করার মধ্যে নয়, বরং সেই ত্রুটিগুলো সংশোধনের সাহস দেখানোর মধ্যেই নিহিত।’ করদাতাদের অর্থের অপব্যবহার নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তার মতে, কঠোর পরিশ্রমের মাধ্যমে উপার্জিত করের টাকা দিয়ে নিজেদের ও সন্তানদের কল্যাণ নিশ্চিত করার অধিকার নাগরিকদের রয়েছে। অন্য দেশের শিশুদের ওপর বোমা হামলার মতো অমানবিক কর্মকাণ্ডে এই অর্থের অপচয় সমর্থনযোগ্য নয়। মিশিগানের এই নির্বাচনকে একটি কঠিন লড়াই হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের মর্যাদা ও মৌলিক অধিকার রক্ষায় তিনি বদ্ধপরিকর।
রিপোর্টার নাম: 























