জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অভিযোগ করেছেন যে, বিগত ১৫ বছর আওয়ামী লীগ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে আয়োজিত এক অরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ভোট জালিয়াতি, অর্থপাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে স্বৈরাচারী সরকার দেশের সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘Strengthening Institutions, Policies and Services (SIPS)’ প্রকল্পের আওতায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক এই অরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কর্মশালার উদ্বোধন ঘোষণা করে বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়ার সাথে সাথে বাস্তবায়নের কারিগরি জটিলতাও বৃদ্ধি পেয়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ-সদস্যদের অন্যতম দায়িত্ব। এক্ষেত্রে সংসদ-সদস্যদের দৃষ্টিভঙ্গি, সক্ষমতা ও কর্মবাস্তবায়নে স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ।
স্পিকার আরও বলেন, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের সাথে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সামঞ্জস্য বজায় রাখা জরুরি।
উন্নয়নের পাশাপাশি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের নির্বাচনে ১৫৩ জন অনির্বাচিতভাবে সংসদ সদস্য হয়েছিলেন, যা ছিল ত্রুটিপূর্ণ। ১১ বছর পর বর্তমানে একটি নির্বাচিত সংসদ কাজ করছে, যেখানে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা অনেক বেড়েছে। তিনি উল্লেখ করেন, ২০১৫ সালে এসডিজি গৃহীত হলেও তৎকালীন অনির্বাচিত প্রতিনিধিরা কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছিলেন, যা বর্তমান সংসদ সংশোধন করবে। ১১ বছর পরে নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে।
অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে টেকসই পরিবেশ নিশ্চিত করা অপরিহার্য। এজন্য সংসদ সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও কাজের স্বচ্ছতা প্রয়োজন। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, ইউএনডিপি’র সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার ড্রাগান পপোভিচ, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, হুইপবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্পিকার সংসদীয় কাজে ইউএনডিপির নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
রিপোর্টার নাম: 




















