বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শক্তিশালী হয়ে আগামী ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় ‘আকভান’-এ রূপ নিতে পারে। ওই পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেছেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি গত ২৪ ঘণ্টায় শক্তিশালী হয়ে সোমবার গভীর নিম্নচাপ অবস্থায় রয়েছে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটির নাম হবে ‘আকভান’।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৪টা ২ মিনিটে ফেসবুকে এ তথ্য জানান। তার বিশ্লেষণ অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ২০ নভেম্বর শুক্রবার দুপুরের মধ্যবর্তী সময়ে ঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কোনো এক স্থান দিয়ে স্থলভাগে আঘাত হানার প্রবল সম্ভাবনা রয়েছে।
গবেষকের ভাষ্যমতে, ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার ঝুঁকি কম থাকলেও এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা ও রাজশাহী বিভাগের অধিকাংশ জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৮ নভেম্বর থেকেই উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত শুরুর আশঙ্কা রয়েছে এবং ১৯ ও ২০ নভেম্বর তা প্রবল আকার ধারণ করতে পারে। ফলে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত হলে দেশের কৃষকরা ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে।
বর্তমানে দেশে আমন ধান কাটার ভরা মৌসুম চলায় ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টির প্রভাব কৃষিতে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। পাকা ধান রক্ষায় কৃষকদের দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন মোস্তফা কামাল পলাশ। তিনি জানান, যেসব এলাকায় ধান পেকেছে, সেসব কৃষকের হাতে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত সময় আছে। এই সময়ের মধ্যে ধান কেটে নিরাপদ স্থানে রাখার আহ্বান জানানো হয়েছে। এছাড়া আলু, তরমুজ ও অন্যান্য শীতকালীন ফসলের জমিতে ২২ নভেম্বর পর্যন্ত কৃত্রিম সেচ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সমুদ্র উপকূলে সতর্কতা হিসেবে খুলনা ও বরিশাল বিভাগের জেলেদের মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার মধ্যেই নিরাপদ আশ্রয়ে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) থেকে উপকূলীয় সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকতে পারে। এছাড়া শুঁটকি ব্যবসায়ীদের সোমবারের মধ্যেই শুঁটকি বৃষ্টির হাত থেকে রক্ষায় যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগামী দুই দিনে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করলে ফসলের ক্ষতি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন এই গবেষক। সমুদ্রে মাছ ধরারত সব জেলেদের (বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগীয়) মঙ্গলবারের (১৭ নভেম্বর) মধ্যে উপকূলে ফেরত আসার পরামর্শ দেওয়া যাচ্ছে।
রিপোর্টার নাম: 






















