জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে আগামীকাল মঙ্গলবার তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সরকারি সফর চলবে ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত। তুরস্কের আনতালিয়ায় ১১ ও ১২ নভেম্বর বিশ্বনেতাদের এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে দেশের অবস্থান আরও জোরালো করবে বলে প্রত্যাশা করছেন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সফরের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন।
প্রধানমন্ত্রী আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। সেখানে তিনি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা স্পষ্ট করবেন। জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা বাংলাদেশের জন্য অন্যতম প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করা হয়।
সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী, পররাষ্ট্রবিষয়ক দুই প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যম প্রতিনিধিরা সফরসঙ্গী হবেন।
সম্মেলনের পাশাপাশি বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে।
এর মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে। এছাড়াও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা আছে। এসব আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় প্রাধান্য পাবে। তবে পররাষ্ট্রসচিব স্পষ্ট করেছেন, এমন বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে সুনির্দিষ্ট কোনো বড় প্রকল্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার বিষয়ে তুরস্কের কোম্পানি সেলেবির আগ্রহ থাকলেও এবারের সফরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ হওয়া সত্ত্বেও দেশটি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে চরম ঝুঁকিতে রয়েছে। পররাষ্ট্রসচিব বলেন, আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরার মাধ্যমে বৈশ্বিক সচেতনতা ও সহযোগিতা আদায়ের চেষ্টা করা হচ্ছে। তবে জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশ প্রকৃত অর্থে কতটা ক্ষতিপূরণ পেয়েছে, তা পরিবেশ মন্ত্রণালয় বলতে পারবে। বাংলাদেশের প্রধান লক্ষ্য হচ্ছে উন্নত দেশগুলোর দেওয়া জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি কার্যকর করা।
সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের পক্ষ থেকে পাটের বহুমুখী ব্যবহারের সম্ভাবনা তুলে ধরতে একটি বিশেষ প্যাভিলিয়ন স্থাপন করা হচ্ছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের পরিবেশবান্ধব বৈশিষ্ট্য তুলে ধরা হবে সেখানে। এছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পাটপণ্যের ব্যবহার ও প্রসারে একটি যৌথ ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সম্মেলনের ব্লু জোনে ১২ ও ১৩ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দুটি পার্শ্ববৈঠক অনুষ্ঠিত হবে। এর একটিতে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের নারীদের ঝুঁকি ও লিঙ্গভিত্তিক দুর্বলতা নিয়ে আলোচনা হবে। অন্যটিতে পরিবেশবান্ধব ও বর্জ্যহীন পাটপণ্যের সম্প্রসারণের চ্যালেঞ্জ নিয়ে আলোকপাত করা হবে। এবারের কপ সম্মেলনের সভাপতিত্ব করছে তুরস্ক এবং অস্ট্রেলিয়ার সহ-সভাপতিত্বে আনুষ্ঠানিক জলবায়ু আলোচনা প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।
রিপোর্টার নাম: 




















