কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এমপি নিজে থানায় হাজির হয়ে এজাহার জমা দেন। আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের প্রাণনাশের চেষ্টার অভিযোগে এই মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নুসরাত তাবাসসুম ও তাঁর পরিবারের সদস্যদের ওপর ক্ষুব্ধ ছিলেন। প্রতিশোধ নিতে তারা ফেসবুকে অপপ্রচারসহ বিভিন্ন সময় হত্যার পরিকল্পনা করছিলেন। এরই ধারাবাহিকতায় গত বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পূর্বপরিকল্পিতভাবে বাড়িতে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার সময় সংসদ অধিবেশন চলায় এমপি নুসরাত তাবাসসুম ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িতে তাঁর বাবা আব্দুল হালিম (টম মাস্টার) এবং মা মোছা. জহুরা খাতুনসহ অন্যান্য স্বজনরা ছিলেন। রাত সোয়া ১২টার দিকে পরপর তিনটি বিকট বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে গেলে তারা দেখেন বাড়ির বসতঘর ও আঙিনায় দাউদাউ করে আগুন জ্বলছে। পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ভেড়ামারা থেকে ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘর থেকে বেরিয়ে তাঁরা দেখেন, বসতঘর, উঠান ও আশপাশের সবকিছুতে আগুন জ্বলছে।
ক্ষয়ক্ষতির বিষয়ে এজাহারে উল্লেখ করা হয়েছে, আগুনে বাড়ির এক-তৃতীয়াংশ আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল ভস্মীভূত হয়েছে। এছাড়া গোয়ালঘরে থাকা তিনটি ছাগল পুড়ে মারা গেছে। সব মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন এমপি। অগ্নিকাণ্ডের পর স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে তাঁর আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ মামলায় কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের ৮ জন নেতাকে এজাহারভুক্ত করা হয়েছে। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগ সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহরিয়ার অর্পণ, দৌলতপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. রিদয়। এছাড়া জেলা যুবলীগ সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। এজাহারভুক্ত আসামিসহ আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
তদন্তের স্বার্থে আসামিদের নাম নিয়ে বিস্তারিত প্রকাশ করতে রাজি হননি ওসি খালেদুর রহমান। তবে তিনি জানিয়েছেন, মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নজরদারিতে রয়েছে এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।
রিপোর্টার নাম: 


























