খুলনা নগরীর খালিশপুর এলাকায় অন্য এক তরুণীর সঙ্গে কথা বলা ও ছবি তোলা নিয়ে বিরোধের জেরে এক তরুণকে (১৯) ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ও অভিযুক্ত তরুণী দুজনেই শহরের একটি পলিটেকনিক ইনস্টিটিউটের একই শিক্ষাবর্ষের সহপাঠী এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ওই তরুণ অন্য এক তরুণীর সঙ্গে কথা বলছিলেন ও ছবি তুলছিলেন, যা নিয়ে অভিযুক্ত তরুণী আপত্তি জানান। এই নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে তরুণীটি তার কাছে থাকা একটি ছোট ছুরি দিয়ে সহপাঠীর কোমরের নিচে আঘাত করেন। এতে তরুণটি সামান্য আহত হন এবং পরবর্তীতে স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় ওই তরুণ–তরুণীকে থানায় নেওয়া হয়।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ জানান, অভিযুক্ত তরুণীটি মানসিক সমস্যায় ভুগছেন এবং তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে নিয়মিত চিকিৎসাধীন রয়েছেন। ওই তরুণী যে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করছেন, তার প্রয়োজনীয় কাগজপত্রও পুলিশের কাছে উপস্থাপন করা হয়েছে। চিকিৎসকের এ-সংক্রান্ত কাগজপত্রও পুলিশকে দেখানো হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী তরুণকে লিখিত অভিযোগ দিতে বলা হলেও তিনি তা দিতে অস্বীকার করেন। পরবর্তীতে দুই শিক্ষার্থীর অভিভাবকেরা থানায় এসে আলোচনায় বসেন এবং বিষয়টি পারিবারিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেন। কোনো অভিযোগ না থাকায় পুলিশ শেষ পর্যন্ত দুজনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দিয়েছে। তাঁদের সঙ্গে আলোচনা করে পারিবারিকভাবে বিষয়টি সমাধান করা হয়।
রিপোর্টার নাম: 
























