কাতারের রাজধানী দোহার ঐতিহাসিক ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ‘শাইখ জাসেম বিন মুহাম্মদ বিন থানি’-এর ‘সেরাদের সেরা’ (বেস্ট অব দ্য বেস্ট) শিরোনামের তৃতীয় আসর শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য কুরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান বিজয়ী মেধাবী হাফেজরা এতে অংশ নিচ্ছেন।
মারসাল কাতার ও আন্তর্জাতিক কোরআন বার্তা সংস্থা ইকনা সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১৯টি দেশের মোট ৪২ জন আন্তর্জাতিক মানের প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত সোমবার শুরু হওয়া এই প্রতিযোগিতার প্রথম পর্বের পর্বটি আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলবে। উদ্বোধনী দিনের দুটি সেশনে ৮টি দেশের ৯ জন প্রতিযোগী তাদের হিফজ ও চমৎকার তিলাওয়াত উপস্থাপন করেন। এই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছেন প্রতিভাবান হাফেজ মুআজ মাহমুদ।
আয়োজকরা জানিয়েছেন, আগামী ১৫ নভেম্বর প্রথম পর্ব থেকে নির্বাচিত শীর্ষ ১০ জন ফাইনালিস্টের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এরপর ১৬ ও ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। এই আসরে বিজয়ী হয়ে যিনি ‘সেরাদের সেরা’ উপাধি অর্জন করবেন, তাকে প্রধান পুরস্কার হিসেবে এক মিলিয়ন কাতারি রিয়াল প্রদান করা হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আন্তর্জাতিক হাফেজরা জানান, কুরআন হিফজ করার এই অসাধারণ যাত্রা তাদের ব্যক্তিসত্তায় গভীর আত্মবিশ্বাস তৈরির পাশাপাশি মানসিক ও আচরণগত দক্ষতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নিয়মিত তিলাওয়াত ও অনুশীলনের মাধ্যমে স্মৃতিশক্তি প্রখর হওয়ার পাশাপাশি সময় ব্যবস্থাপনা ও দায়িত্ববোধে পরিপক্বতা এসেছে। বাবা-মা ও শিক্ষকদের নিরবচ্ছিন্ন দিকনির্দেশনা এবং নিয়মিত রুটিন অনুসরণকেই তারা সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে দেখছেন। কুরআন চর্চা তাদের আরবি ভাষায় পারদর্শিতার পাশাপাশি জীবনে নৈতিকতা ও উত্তম আচরণের ইতিবাচক বিকাশ ঘটিয়েছে।
রিপোর্টার নাম: 



















