ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে মধ্যরাতে রহস্যময় হামলার ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও সরকারি সূত্রগুলো জানিয়েছে, ওই এলাকায় ‘শত্রুপক্ষের’ হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় গভীর রাতে পরপর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা কিংবা অবকাঠামোগত কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে এখনো কিছু নিশ্চিত করা হয়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এবং বার্তাসংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, প্রতিবেদন প্রকাশের কয়েক মিনিট আগেই এই হামলার ঘটনা ঘটে। সামুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে কোনো জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে এসব বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে কয়েকটি সূত্রে ধারণা পাওয়া যাচ্ছে। তবে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম শুরুতে জানিয়েছিল, বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ তৎক্ষণাৎ স্পষ্ট নয়।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিক শহরটি ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে অবস্থিত। এই নৌপথটি মূলত পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে সংযুক্ত করে। সাধারণত তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনার প্রেক্ষিতে ইরান তার সামরিক ভাষ্যে ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করে থাকে। তবে এবারের হামলাটি সামরিক প্রকৃতির ছিল বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।
এদিকে, এই হামলার ঘটনার পরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ঘটনার পরপরই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।
সিরিক শহরে ঠিক কারা হামলা চালিয়েছে এবং কোন নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে এই আঘাত হানা হয়েছে, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। সরকারি পর্যায়ে তদন্ত চলছে বলে ধারণা করা হচ্ছে, তবে ঘটনার পর কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও দেশটির পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
রিপোর্টার নাম: 






















