ভারতের উত্তরপ্রদেশের সম্ভল জেলায় সরকারি জমি থেকে একটি মসজিদ উচ্ছেদের কার্যক্রম শুরু করেছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার জেলার আসমোলি এলাকার কুতুবপুর সাত্তা গ্রামে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রশাসনের দাবি, মসজিদটি কোনো প্রকার অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছিল। পুলিশের দাবি, মসজিদটি অনুমোদনহীনভাবে নির্মিত হয়েছিল।
তহসিলদার ধীরেন্দ্র কুমার সিং জানান, জনবসতিপূর্ণ এলাকার প্রায় ১৫০ বর্গমিটার জায়গা ওয়াক্ফ ঘোষিত হলেও সেখানে ওয়াক্ফ বোর্ডের কোনো অনুমতি নেওয়া হয়নি। অনুমোদনহীন এই অবৈধ স্থাপনা অপসারণের জন্যই মূলত এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
আসমোলি সার্কেলের কর্মকর্তা আমান সিং জানিয়েছেন, প্রায় এক মাস আগে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও রাজস্ব বিভাগের কাছে অভিযোগ করেছিলেন যে, জনসাধারনের ব্যবহারের জন্য নির্ধারিত জমিতে অননুমোদিতভাবে মসজিদটি গড়ে তোলা হচ্ছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি যৌথ তদন্ত দল সরেজমিনে পরিদর্শন করে নির্মাণকাজের কোনো বৈধ অনুমোদন না পাওয়ার বিষয়টি নিশ্চিত করে। এরপর সম্ভলের মহকুমা শাসক (এসডিএম) স্থাপনাটিকে অবৈধ ঘোষণা করে তা ভেঙে ফেলার নির্দেশ দেন।
অভিযানকে কেন্দ্র করে এলাকাটিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে চারজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও), ১০টি থানার পুলিশ সদস্য এবং প্রাদেশিক সশস্ত্র কনস্ট্যাবুলারির (পিএসি) একটি প্লাটুন মোতায়েন করা হয়। ড্রোনের মাধ্যমেও পুরো এলাকায় নজরদারি চালানো হচ্ছে। এছাড়া আশপাশের ভবনের ছাদেও পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। ঘনবসতিপূর্ণ এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন বাড়তি সতর্কতা অবলম্বন করেছে।
রিপোর্টার নাম: 





















