বরিশালের কীর্তনখোলা নদীতে শুক্রবার সকালে এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে খাদ্য বিভাগের গমবাহী একটি কার্গো। খুলনা সাইলো থেকে ৩০০ টন গম নিয়ে আসা ‘ডিবি পাপিয়া’ নামের কার্গোটি বরিশাল খাদ্য বিভাগের জেটির কাছে নোঙর করা ছিল। ওই সময় কোস্ট গার্ডের জাহাজ ‘স্বাধীন বাংলা’ নিয়ন্ত্রণ হারিয়ে কার্গোটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কার্গোটির তলা ফেটে দ্রুত পানি ঢুকতে শুরু করে। খুলনা সাইলো থেকে ৩০০ টন গম নিয়ে কার্গোটি বরিশালে আসে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্যানুযায়ী, কোস্ট গার্ডের জাহাজটি কার্গোকে আঘাত করার আগে নদীর তীরে থাকা ডিসি ঘাটসংলগ্ন বেশ কয়েকটি স্পিডবোট এবং বিআইডব্লিউটিএর একটি জাহাজেও ধাক্কা দেয়। কার্গোর ইনচার্জ মানিক হোসেন জানান, ধাক্কা লাগার পর কার্গো কর্মীদের চিৎকারে স্থানীয় লোকজন তাৎক্ষণিক এগিয়ে আসেন। এরপর ফায়ার সার্ভিস, পুলিশ এবং কোস্ট গার্ডের সদস্যরা সম্মিলিতভাবে উদ্ধারকাজ শুরু করায় কার্গোটি সম্পূর্ণ ডুবে যাওয়া থেকে রক্ষা পায়। কিছু গম পানিতে ভিজে নষ্ট হলেও অধিকাংশ পণ্য অক্ষত অবস্থায় সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় কার্গোটি রক্ষা পেয়েছে এবং ক্ষতিগ্রস্ত খাদ্যসামগ্রী দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
ঘটনার পরপরই বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ এবং জেলা প্রশাসক মামুন খন্দকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায়দায়িত্ব নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশাল খাদ্য গুদামের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবু সাঈদ জানান, নোঙর করা অবস্থায় হঠাৎ এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে ভিজে যাওয়া গম দ্রুত সরিয়ে ফেলার কাজ চলছে। স্থানীয় উদ্ধারকারী দলের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও কার্গোটি তলিয়ে যাওয়া থেকে বেঁচে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টার নাম: 
























