দেশের শিক্ষাব্যবস্থায় যেকোনো মূল্যে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে কাজ করছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, কেবল কথার প্রতিশ্রুতি নয়, বরং কার্যকর পরিবর্তনের মাধ্যমে দেশের বেকারত্ব সমস্যা দূর করাই সরকারের মূল লক্ষ্য। তিনি জানান, শিক্ষা খাতে মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দে সরকারের কোনো ঘাটতি নেই। শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের করতে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির প্রয়োজনে যেকোনো পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজের ৩৭টি কলেজের মোট ৫৭ জন মেধাবী শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
রিপোর্টার নাম: 
























