Hi

১২:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নামাজিদের জন্য কোরআনের তিনটি বিশেষ সতর্কবার্তা

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১১:০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ জন দেখেছে

নামাজ মুমিনের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। এটি শুধু কতিপয় নির্দিষ্ট অঙ্গভঙ্গির সমষ্টি নয়, বরং নামাজের মাধ্যমেই বান্দার সাথে তার রবের গভীর ও আধ্যাত্মিক সম্পর্কের প্রকাশ ঘটে। কেবল নামাজ আদায় করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না; বরং নামাজ কীভাবে পড়া হচ্ছে, কী উদ্দেশ্যে পড়া হচ্ছে এবং এর প্রভাব ব্যক্তির দৈনন্দিন জীবনে কতটা প্রতিফলিত হচ্ছে, তাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কোরআনে এমন কিছু নামাজিকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে, যারা বাহ্যিকভাবে ইবাদত করলেও এর প্রতি যথাযথ গুরুত্ব দেয় না বা লোক দেখানোর মানসিকতা পোষণ করে। আল্লাহ তাআলা সুরা মাউনের ৪ থেকে ৭ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ‘অতএব দুর্ভোগ সেই নামাজিদের জন্য, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন; যারা লোক দেখায় এবং সামান্য সাহায্য-সহযোগিতাও করতে চায় না।’ এই আয়াতগুলো মূলত তাদের জন্য, যারা ইবাদতের প্রতি অবহেলাশীল এবং যাদের আচরণে সামাজিক দায়িত্ববোধের অভাব রয়েছে।

নামাজিদের জন্য কোরআন ও হাদিসে বর্ণিত তিনটি প্রধান সতর্কবার্তা নিচে আলোচনা করা হলো

প্রথমত, নামাজের ব্যাপারে উদাসীন হওয়া। নামাজে গাফেলতি বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে; যেমন সময়ের প্রতি গুরুত্ব না দেওয়া, ইচ্ছাকৃতভাবে নামাজ বিলম্ব করা, ইবাদতের বিধিবিধান ও হক আদায়ে অবহেলা করা অথবা নামাজকে জীবনের অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা না করা। আল্লাহ তাআলা সুরা মাউনের ৪-৫ নম্বর আয়াতে এ বিষয়ে সতর্ক করেছেন। এছাড়া হাদিসেও সঠিক সময়ে নামাজ আদায়ের ওপর জোর দেওয়া হয়েছে। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করেছিলেন, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? উত্তরে তিনি বলেছিলেন, ‘সময়মতো নামাজ আদায় করা।’ (সহিহ মুসলিম, হাদিস ৮৫)। তবে নামাজে সাময়িক অন্যমনস্কতা হলেই কেউ এই সতর্কবার্তার অন্তর্ভুক্ত হয়ে যাবে—এমনটি নয়। নামাজের সময় ও হক আদায়ে যত্নশীল হওয়ার পাশাপাশি এর শিক্ষা ও প্রভাব যেন মানুষের আচরণেও প্রকাশ পায়, সেদিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

দ্বিতীয়ত, লোক দেখানোর মানসিকতা। ইবাদতের অন্যতম প্রধান শর্ত হলো ইখলাস বা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করা। মানুষের প্রশংসা পাওয়ার জন্য বা নিজেকে ধার্মিক হিসেবে জাহির করার জন্য ইবাদত করা ইখলাসের পরিপন্থী। সুরা মাউনের ৬ নম্বর আয়াতে লোক দেখানো ইবাদতকারীদের কঠোরভাবে সমালোচনা করা হয়েছে। এছাড়া সুরা নিসার ১৪২ নম্বর আয়াতে মুনাফিকদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে, ‘তারা যখন নামাজে দাঁড়ায়, তখন অলসভাবে দাঁড়ায়; তারা মানুষকে দেখায়।’

তৃতীয়ত, নামাজ ও মানবিক দায়িত্বের সামঞ্জস্যের অভাব। ইবাদতের প্রভাব শুধু মসজিদ বা নামাজের জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। বরং একজন মুমিনের আচার-আচরণ ও সামাজিক দায়িত্ববোধে নামাজের শিক্ষার প্রতিফলন থাকা জরুরি। সুরা মাউনের ৭ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘এবং তারা সামান্য সাহায্য-সহযোগিতাও করতে চায় না।’ অর্থাৎ, নামাজ আদায়ের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের প্রতি দায়িত্ব পালন করা একজন মুমিনের চরিত্রের অন্যতম অবিচ্ছেদ্য দিক।

নামাজ আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক মহান নিয়ামত। তাই যথাযথ ইখলাস, ওয়াক্তের পাবন্দি এবং সামাজিক দায়িত্ববোধের সমন্বয়ে নামাজ আদায় করাই কাম্য। আল্লাহ আমাদের নামাজ কবুল করুন, যাবতীয় উদাসীনতা ও রিয়া থেকে হেফাজত করুন এবং নামাজের মাধ্যমে তাঁর নৈকট্য অর্জনের তাওফিক দান করুন। আমিন।

জনপ্রিয়

সেপ্টেম্বরজুড়ে জামায়াতের মাসব্যাপী গণসংযোগ ও জনমত গঠন

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

নামাজিদের জন্য কোরআনের তিনটি বিশেষ সতর্কবার্তা

আপডেট : ১১:০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬