রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে গোপন বৈঠক করছেন এমন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল পৌনে ছয়টা পর্যন্ত অভিযান অব্যাহত ছিল। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে অন্তত শতাধিক ব্যক্তিকে আটক করে পল্টন থানায় নেওয়া হয়েছে। পল্টন মডেল থানার ওসি আরিফুর ইসলাম জানিয়েছেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করেই এই ব্যক্তিদের আটক করা হয়েছে এবং বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই চলছে। প্রক্রিয়া শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সূত্র জানায়, এদিন দুপুর ১২টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ধানমন্ডি এলাকা থেকে তিনজনকে এবং মোহাম্মদপুর থেকে হাতবোমাসহ একজনকে আটক করে। ধানমন্ডির সেই মিছিলে অংশ নেওয়া অনেকের গুলিস্তানের জাসদ কার্যালয়ে আশ্রয় নেওয়ার বিষয়টি আলোচনায় উঠে আসে। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই কার্যালয়ের ভেতরে চার থেকে পাঁচ শতাধিক মানুষ অবস্থান করছিলেন।
দুপুরের পর জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের লোকজন গোপন বৈঠক করছেন—এমন সংবাদ পেয়ে যুবদলের নেতাকর্মীরা সেখানে ভিড় করেন এবং তাদের আটকে রেখে পুলিশকে খবর দেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন বলেন, কার্যালয়টিতে আওয়ামী লীগের স্লোগান দেওয়া হচ্ছে, তাই একে জাসদের কার্যালয় বলার সুযোগ নেই। তিনি দাবি করেন, কার্যালয়ের ভেতর ৪০০ থেকে ৫০০ জন আটকা পড়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা বাইরে শত শত নেতাকর্মী অবস্থান করছেন।
পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, বিকেল তিনটার দিকে জাসদ কার্যালয়ের তিনতলায় বৈঠক হওয়ার প্রমাণ পাওয়া যায়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন জানান, কার্যালয়ের বাইরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার খবর পেয়ে শুরুতে পুলিশ ৪০ জনকে থানায় নিয়ে যায়। সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে জাসদ কার্যালয়ে অভিযান চলমান রয়েছে।
রিপোর্টার নাম: 

























