বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নে দীর্ঘ ৪২ বছর পর বিদ্যমান বিধিমালা সংশোধন করে নতুন বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ২০২৬’-এর খসড়া চূড়ান্তকরণ সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সভায় তিনি নতুন বিধিমালাকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিমান চলাচলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বেসরকারি এয়ারলাইন্সগুলোকে এই খাতের মূল অংশীজন হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিনিয়োগ সহজীকরণের লক্ষ্যে বিধিমালা প্রণয়নে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ করে বেসরকারি এয়ারলাইন্সগুলোর সুবিধার কথা মাথায় রেখে বিমান রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত বিধানে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। উড়োজাহাজের জটিল যন্ত্রাংশ মেরামত ও ওভারহলের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসনে সরকার কাজ করছে। এছাড়া দেশি-বিদেশি এয়ারলাইন্সের উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের সুবিধার্থে আন্তর্জাতিক মানের মেন্টেনেন্স ও রিপেয়ার ইউনিট স্থাপনের পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
কেপটাউন কনভেনশনের শর্তাবলি অনুসরণের বিষয়ে মন্ত্রী জানান, বিমান-সম্পর্কিত সম্পদের আন্তর্জাতিক অর্থায়ন ও লিজিংয়ের অধিকার সুরক্ষায় অপ্রত্যাহারযোগ্য নিবন্ধন বাতিল এবং রপ্তানি অনুরোধের কর্তৃত্বপ্রদান সংক্রান্ত বিধি নতুন খসড়ায় যুক্ত করা হবে। পাশাপাশি, বেসরকারি উদ্যোগে বিমানবন্দর স্থাপন ও সম্প্রসারণ প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতি দেন তিনি। সংশ্লিষ্টদের সহযোগিতায় বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য রয়েছে সরকারের।
সভায় বেসরকারি এয়ারলাইন্সের পক্ষ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন এবং নতুন বিধিমালার বিভিন্ন ধারা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামানসহ সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার নাম: 




















