ভিসা ব্যবস্থায় ব্যাপক সংস্কার এনেছে ভারত সরকার। নতুন এই কাঠামোর আওতায় ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টিতে নামিয়ে আনা হয়েছে। আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে ভিসার আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘরও ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমিয়ে ফেলা হয়েছে। ভ্রমণকারীরা এখন থেকে তাদের প্রয়োজন অনুযায়ী সুনির্দিষ্ট ভিসা বিভাগ আরও সহজে নির্বাচন করতে পারবেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের তথ্যমতে, গত ২৭ আগস্ট ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিসার শ্রেণি কমানোর সিদ্ধান্তের কথা জানায়। সবশেষ বুধবার আনুষ্ঠানিকভাবে এই নতুন কাঠামো ঘোষণা করা হয়। এর আগে ২০২৫ সালের অক্টোবরে ২২টি প্রধান শ্রেণি থেকে কমিয়ে ১৩টি এবং ৬৩টি উপশ্রেণি থেকে ৪৯টিতে নামানো হয়েছিল। উন্নত বিশ্বের ভিসা পদ্ধতি ও আন্তর্জাতিক মানদণ্ড যাচাই করে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই ধরনের ভ্রমণের উদ্দেশ্যগুলোকে একীভূত করায় আবেদনকারীদের বিভ্রান্তি কমবে।
নতুন নিয়মে ট্যুরিস্ট ভিসার পরিবর্তে ‘ভিজিটর ভিসা’ চালু করা হয়েছে। ভি-১ শ্রেণির এই ভিসার মেয়াদ হবে ৩০ দিন, যাতে একাধিকবার প্রবেশের সুযোগ থাকবে। এই ভিসায় পর্যটন ছাড়াও ব্যবসায়িক বৈঠক, চিকিৎসা পরামর্শ, স্বল্পমেয়াদী কোর্স ও ট্রানজিটের সুবিধা পাওয়া যাবে। যোগ্য আবেদনকারীরা ভি-২ ভিসার মাধ্যমে এক, পাঁচ বা ১০ বছর মেয়াদে ভারতে ভ্রমণ করতে পারবেন, যার আওতায় পর্বতারোহণের সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে। ভিজিটর ভিসায় পর্যটনের পাশাপাশি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ নেয়া, স্বাস্থ্যসেবামূলক অবকাশ, স্বল্পমেয়াদি চিকিৎসা, ট্রানজিট এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্পের স্বল্পমেয়াদি কোর্সে অংশ নেয়া যাবে।
চিকিৎসা পর্যটনকে উৎসাহিত করতে নতুন দুটি শ্রেণি যুক্ত করা হয়েছে। আয়ুষ চিকিৎসার জন্য এম-৩ এবং সাধারণ চিকিৎসার জন্য এম-১ ভিসা দেওয়া হবে। উভয় ক্ষেত্রেই এক বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি সুবিধা থাকবে। রোগীদের সহায়তাকারীদের জন্য থাকছে এম-২ ও এম-৪ ভিসার ব্যবস্থা। এছাড়া শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায়ের জন্য এস-১ এবং গবেষণা, পিএইচডি ও ইন্টার্নশিপের জন্য এস-২ শ্রেণি নির্ধারণ করা হয়েছে। ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে আসা শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এস-১ ভিসায় মাল্টিপল এন্ট্রি সুবিধা পাবেন। দ্য স্টেটসম্যান জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হিল ইন ইন্ডিয়া’ ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে চিকিৎসাসেবাভিত্তিক পর্যটনকে উৎসাহিত করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। অন্যদিকে এস-২ শ্রেণিতে রাখা হয়েছে পিএইচডি, গবেষণা, ভিজিটিং শিক্ষক, ইন্টার্নশিপ ও বিনিময় কর্মসূচি। ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর অথবা তাদের কোর্সের মেয়াদ পর্যন্ত—যেটি কম—ই-এস১ ভিসা পাবেন। ভারতের কোম্পানি, বেসরকারি সংস্থা ও ধর্মীয় প্রচারমূলক কাজে যুক্ত প্রতিষ্ঠানে কর্মরত বিদেশিরা পাবেন কর্মসংস্থান ভিসা।
ব্যবসায়িক কার্যক্রমের জন্য বি-১ ও বি-২ ভিসা চালু করা হয়েছে। নতুন উদ্যোগের জন্য বি-১ এবং স্বল্পমেয়াদী চুক্তি, সম্মেলন বা সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র সংশ্লিষ্ট কাজের জন্য বি-২ ভিসা পাওয়া যাবে। ভারতীয় কোম্পানিতে কারিগরি সহায়তা বা যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণের কাজে আসা দক্ষ পেশাজীবীরা এখন ই-ভিসার মাধ্যমে ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ (বি-২ শ্রেণি) পাবেন, যা আগে ই-বি৪ হিসেবে দেওয়া হতো।
কূটনীতিক, জাতিসংঘ প্রতিনিধি ও তাদের পরিবারের জন্য আলাদা কূটনৈতিক ভিসা থাকবে। একইভাবে সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং নির্দিষ্ট উদ্দেশ্যে ভ্রমণকারী ও ভারতীয় বংশোদ্ভূতদের জন্য কর্মসংস্থান, সরকারি ও বিবিধ ভিসার ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমানে ১৭২টি দেশের নাগরিকদের ১৩টি উপশ্রেণিতে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ই-ভিসা প্রদান করা হয়। নতুন এই কাঠামো বাস্তবায়নের জন্য বর্তমানে তথ্যপ্রযুক্তি অবকাঠামো হালনাগাদের কাজ চলছে এবং চলতি বছরের শেষ নাগাদ এটি কার্যকর হওয়ার কথা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কাঠামোয় ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ—এই ৯ শ্রেণিতে ভিসা দেয়া হবে।
রিপোর্টার নাম: 





















